কক্সবাজারের ঈদগাঁওতে সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। টানা চার দিন ধরে ভারী বৃষ্টিপাত , উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল , এবং মৌসুমী বায়ুর প্রভাবে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। পানির নিচে তলিয়ে গেছে ইদগাঁও বাজারসহ উপকূলীয় এলাকার নি¤াঞ্চলগুলো। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ঈদগাঁও খালের বেঁড়ি বাঁধের হাইস্কুল পয়েন্ট, পুলিশ ক্যাম্পের সামনের পয়েন্ট, পালপাড়া পয়েন্ট,পশ্চিম ভোমরিয়াঘোনা পয়েন্ট এবং মধ্য পোকখালী পয়েন্ট দিয়ে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানি প্রবেশ করে জালালাবাদ অংশের বাজার এলাকা,ঈদগাঁও ইউনিয়নের পালপাড়া, ছোট চৌধুরী পাড়া, বড় চৌধুরী পাড়া, পশ্চিম ভোমরিয়াঘোনা, গজালিয়া, পোকখালীর পঞ্চঘোনা,উত্তর পাড়া, সিকদারপাড়া,মধ্য পোকখালী, পশ্চিম পোকখালীসহ অসংখ্য চিংড়ি ঘের বন্যার পানিতে তলিয়ে গেছে। এছাড়া কয়েকশত একর রোপা আমন ও বর্ষাকালীন সবজি ক্ষেতও বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে বলে জানা গেছে। বন্যার পানি ঘরে প্রবেশ করায় রান্নাবান্না সারতে খুব বেশী অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ এলাকার লোকজন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সরকারী কোন প্রতিনিধি দূর্গত এলাকা পরিদর্শনে আসেনি। উল্লেখ্য ,একই কারণে মাএ এক সপ্তাহ আগে উল্লেখিত এলাকাগুলো বন্যার পানিতে নিমজ্জিত হয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। আর সে ক্ষতি কাটিয়ে উঠার আগেই এলাকাটিতে দ্বিতীয়বার বন্যা দেখা দেয়। এদিকে ক্ষতিগ্রস্থরা এলাকাটিকে দূর্গত এলাকা হিসেবে ঘোষনার জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়েছেন।

0 Comments