উখিয়া প্রতিনিধি:
বোনকে বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় ভাইয়ের
ছুরিকাঘাতে রহিম উল্লাহ নামের রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। রোববার রাতে
কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে।
নিহত রহিম উল্লাহ কুতুপালং শিবিরের ডি
ব্লকের বাসিন্দা আবদুস ছালামের
ছেলে। অভিযুক্ত রোহিঙ্গা শহিদুল্লাহও ওই
শরণার্থী শিবিরের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে
শরণার্থী শিবিরের দুই নম্বর স্কুলের সামনে দাঁড়িয়ে ছিলেন রহিম উল্লাহ। এ
সময় একই শিবিরের বাসিন্দা শহিদুল্লাহর নেতৃত্বে কয়েকজন যুবক হঠাৎ তার ওপর
হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে অন্যরা এগিয়ে এসে গুরুতর আহত
অবস্থায় রহিম উল্লাহকে উদ্ধার করে প্রথমে রোহিঙ্গা শিবিরের একটি হাসপাতালে
ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার
পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মো. আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহিদুল্লাহর ছোট বোনের
সঙ্গে রহিম উল্লাহর বিয়ে হওয়ার কথা ছিল। রোববার রোহিঙ্গা অনুপ্রবেশের দুই
বছর পূর্ণ হওয়া উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দেন শহিদুল্লাহ ও রহিম উল্লাহ।
সেখানে বিয়ের বিষয় নিয়ে দুজনের মাঝে মনোমালিন্য হয়। এরপর রাতে ছুরিকাঘাত
করে রহিম উল্লাহকে হত্যা করা হয়।
নিহত রহিমের মরদেহ ময়নাতদন্তের জন্য
কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শহিদুল্লাহসহ হত্যাকাণ্ডে
জড়িতদের গ্রেফারের চেষ্টা চলছে।


0 Comments