Advertisement

কৃমিনাশক ট্যাবলেট খেয়ে দুই জেলায় ২৫ শিক্ষার্থী অসুস্থ

কৃমিনাশক ট্যাবলেট খেয়ে ময়মনসিংহ ও মানিকগঞ্জে ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আজ সকালে কৃমিনাশক সপ্তাহ উপলক্ষে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে দেয়া ওষুধ খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে।
আমাদের গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানিয়েছেন- বুধবার স্থানীয় টাঙ্গাব বামনখালী আলিম মাদ্রাসায় কৃমিনাশক ট্যাবলেট খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ৭ জনকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাদ্রাসা সুপার মজিবুর রহমান জানান, সকালে স্বাস্থ্যকর্মীরা ছাত্র-ছাত্রীদের কৃমির ট্যাবলেট খাওয়ানোর পর পরই বমি ও মাথা ব্যাথা শুরু হয়ে অসুস্থ হয়ে পড়ে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলম আরা বেগম জানান, অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে ভর্তি অসুস্থ শিক্ষার্থীরা হলো- শারমিন আক্তার, শান্তনা বেগম, রিমা আক্তার, হেপি বেগম, কামরুনাহার, জাকিয়া বেগম ও আফরোজা বেগম।
এদিকে ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় কৃমিনাশক ট্যাবলেট খেয়ে অন্তত ১২/১৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ ৬ শিক্ষার্থীকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । বুধবার সকালে দৌলতপুর উপজেলার কাকনা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন জানান- উপজেলার স্থাস্থ্য কর্মী মমতাজ বেগম কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পরপরই বিদ্যালয়ের অন্তত ১৫/২০ শিক্ষার্থীর বমি বমি ভাবদেখা দেয়। এতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা আতংকিত হয়ে পড়ে। অসুস্থদের মধ্যে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী রিয়া আক্তার, সুইটি আক্তার, সাবিহা আক্তার, তৃষা আক্তার, সাথী আক্তার ও সোনিয়া আক্তারকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা: ইমরান জানান- আতংকিত হওয়ার কিছু নেই। কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পর একটু বমি ভাব হওয়ায় অন্যান্য শিক্ষার্থী ভয়ে অসুস্থ হয়ে পড়ে। এই ট্যাবলেট ব্রাজিল জংজন কম্পানির তৈরী দামি ট্যাবলেট। এই কোম্পানির তৈরী ট্যাবলেট ২০০৭ সাল থেকে খাওয়ানো হচ্ছে। ভয়ের কিছু নেই হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীরা সুস্থ আছে।
উল্লেখ্য, কয়েকদিন ধরেই কৃমিনাশক ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ার খবর আসছে দেশের বিভিন্ন স্থান থেকে।

Post a Comment

0 Comments