লামা প্রতিনিধি :
বান্দরবানের আলীকদম উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ৷ রোববার সকালে মাতামুহুরী নদীর রেপারপাড়া এলাকার কাকড়াঝিরি নামক স্থান থেকে এ লাশ উদ্ধার করা হয়৷ উদ্ধারকৃত লাশের নাম ও পরিচয় পাওয়া যায়নি৷ তার বয়স আনুমানিক ৩০-৩২ বছর হবে ধারনা করা হয়েছে৷ সূত্র জানান, গতকাল রোববার সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন মাতামুহুরী নদীতে ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠিয়ে দেয়৷ আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন জানান, লাশের সুরতহালে দেখা গেছে আনুমানিক ১৫ থেকে ২০ দিন আগে যুবকটি মারা যায়৷ একারনে লাশ পচে বিকৃত হয়ে গেছে৷ তবে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, হতভাগ্য যুবকটি মাতামুহুরী নদীতে ডুবে মারা যেতে পারে৷

0 Comments