Advertisement

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে খারাপ আবহাওয়ায় বিসিবির কপালে ভাঁজ

ঢাকা: সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে সোমবার মুখোমুখি হবে টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দিবা-রাতের ম্যাচটি শুরু হবে দুপুর ১ টায়। তবে খারাপ আবহাওয়ার কারণে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে চিন্তায় পড়েছে বিসিবি।

আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে, বসন্তের দখিনা বাতাসের সঙ্গে বয়ে আসা বৃষ্টি থাকবে আগামীকাল সোমবার বিকেল পর্যন্ত। চলবে এমনিই গুঁড়িগুঁড়ি। সঙ্গে যোগ হতে পারে দমকা হাওয়া।তবে আবহাওয়া যাই হোক রোববার দুই দলই পরিচর্যার মাধ্যমে নিজেদের প্রস্তুত করে রেখেছে ঠিকই। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এ ওয়ানডে লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই মাঠে সেরা ক্রিকেট খেলতে চায়। স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজেদের বেস্ট একাদশ নিয়েই লড়াই করতে চায় সফরকারীরা। শুধু তাই নয় ঘরের মাঠে টাইগাররা কঠিন প্রতিপক্ষ সে কথা মাথায় রেখেই দল সাঁজাবে।

মিরপুরে রোববার বিকেলে অনুশীলন শুরুর আগে লঙ্কান অধিনায়ক এমনই ইঙ্গিত দিয়েছেন। অ্যাঞ্জেলো ম্যাথুস বলেন, ‘স্বাগতিকদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। তারা নিজের মাঠে সবময় ভালো খেলে। আমরা আমাদের বেস্ট একাদশ নিয়েই মাঠে নামবো।’

অন্যদিকে নিজেদের মাঠে লঙ্কানদের ছাড় দিতে রাজি নন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। ঘরের মাঠে কয়েক বছরের সাফল্যর ধারাবাহিকতা ধরে রাখতে সর্বশক্তি দিয়েই মাঠে নামতে চায় টাইগাররা। সকালে মিরপুরে অনুশীলন শেষে মুশফিক বলেন, ‘টি-টোয়েন্টিতে আমরা দারুণ ভালো খেলেছি কিন্তু জিততে পারিনি। তবে ওয়ানডে সিরিজে আমরা ভালো করবো। ঘরের মাঠে কয়েক বছর যে ধারাবাহিক সাফল্য পেয়েছি শ্রীলঙ্কার বিপক্ষেও আমরা সেই সাফল্য পেতে চাই। সাফল্য পেতে টি-টোয়েন্টি সিরিজ অনুপ্রেরণা হয়ে শক্তি জোগাবে।’

টেস্ট সিরিজে প্রথমটি হারলেও চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ড্র করেছে মুশফিকরা। বিশ্বসেরা টি-টোয়েন্টি দল হয়েও দুই ম্যাচ টি-টোয়েন্টিতে শেষ বল পর্যন্ত লড়াই করতে হয়েছে লঙ্কানদের।

এদিকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে এখন পর্যন্ত ৩৩টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে শ্রীলঙ্কা জিতেছে ২৮টিতে। বাকি চারটিতে বাংলাদেশের জয়। এর মধ্যে তিনটিই আবার নিজ মাটিতে জিতেছে বাংলাদেশ। তবে সর্বশেষ ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার মাটিতে ড্র করেছে টাইগাররা। এ পরিসংখ্যানকে হিসাবে নিয়ে সিরিজের বাজি ধরলে অবশ্য বাংলাদেশের পক্ষে দর অনেক পড়ে যাবে।

অবশ্য ২০১২ সালে এশিয়া কাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় দুই বছর পর নিজ মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে মুশফিকরা। নিজ মাটিতে শেষ ম্যাচেও জয় পাওয়ার স্মৃতি অবশ্যই এগিয়ে রাখবে বাংলাদেশকে। এছাড়া ২০১২ সালের ডিসেম্বরের পর ঘরের মাটিতে কোনো দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজে হারেনি টাইগাররা।

সর্বেশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টানা দ্বিতীয়বারের মতো ৩-০ তে ওয়ানডে সিরিজ জয় করে নেয় মুশফিকরা। তাই ঘরের মাঠে বাংলাদেশ নিজেদের সেরা ক্রিকেট খেলেই ওয়ানডে সিরিজে ভালো করবে সেই আশা করতেই পারে বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্ত।