এম.আমান উল্লাহ
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী’র আ›জুমানপাড়া এলাকার কছগোদা ৮ একর চিংড়িঘের জবর দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী
সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে বলে জানা যায়। আহতরা কক্সবাজার জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশ আবু বক্করের ছেলে মোস্তাক আহমদকে গ্রেপ্তার করেছে। স্থানীয় গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পালংখালী ইউনিয়নের আ›জুমানপাড়া কছগোদা চিংড়ি প্রজেক্টের ইজারা নেন আবু বক্কর চৌধুরী ছেলে মোস্তাক আহমদ এবং তাতে দু’লক্ষাধিক চিংড়ি পোনা অবমুক্ত করেন । কিন্তু অবৈধ ওয়াকফ এষ্টেটের মতুয়াল্লী দাবিদার মৃত জুহুর আহমদের ছেলে লতিফ আনোয়ার চৌধুরী প্রকাশ খোকা মিয়া আ›জুমানপাড়া গ্রামের মৃত আবুল ফজলের ছেলে কলিম উল্লাহ’র নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী নিয়ে উক্ত চিংড়িঘের জোর পূর্বক জবর দখলের জন্য সোমবার সকাল সাড়ে ১০টায় চিংড়িঘেরে গেলে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে আবু বক্কর চৌধুরী (৭৫), আকতার আহমদ (২২), মোকতার আহমদ (২৭), আববুইয়া (১৫), তারেক রহমান (১৮), শাহেদা আক্তার (২৮), রোজিনা আক্তার (২০), কলিম উল্লাহ ও লতিফুর রহমান গুরুতর আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এছাড়াও পালংখালী ইউনিয়নের বিভিন্ন চিংড়িঘের দখলকে কেন্দ্র করে সরকার দল ও বিরোধী দলীয় লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারনা। উখিয়া থানার ওসি জাহিদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চিংড়িঘের দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দু’পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।
