Advertisement

আন্দোলন নিয়ে আপস নয়: খালেদা

তিনি বলেছেন, “আমরা দেশের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব। এ নিয়ে কোনো রকম আপস করার সুযোগ নেই।”

বৃহস্পতিবার সন্ধ্যায় আকস্মিকভাবে জাতীয় প্রেস ক্লাবে যান বিএনপি চেয়ারপারসন। সেখানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে খালেদা বলেন, “নির্দলীয় সরকারের দাবি ন্যায়সঙ্গত। এই দাবি আপনাদের ছিল, আমাদের দাবি ছিল না। আপনাদের দাবির কারণে সংবিধানে সংযোজন করেছিলাম।”
মতবিনিময় সভায় সাংবাদিক নেতাদের বক্তব্য শোনেন বিরোধী নেতা। পরে তিনি বলেন, “আপনারা সবাই দেশকে ভালোবাসেন। দেশের অনেক তথ্য আপনারা জানেন।
“আমি সেসব বিষয়ে জানতে আজ এখানে এসেছি। আপনারা যে চিন্তাধারা ধারণ করেন, তা নিয়ে এগিয়ে যাবেন, এটাই আমি বিশ্বাস করি।”
“বিভিন্ন সময়ে আমি এখানে এসেছি। আপনাদের মতামত শুনেছি। আজ এসেছি, দেশের অবস্থা আপনাদের কাছ থেকে জানতে। এটি যেমন আপনাদের সেকেন্ড হোম, তেমনি আমার কাছেও এটি নিজের বাসার মতো।”
জনগণের আন্দোলনে নিজের অবস্থান তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, “আমার কাছে পদ বড় নয়। প্রথম দিকে যখন আমি রাজনীতি শুরু করেছিলাম, তখন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই সংগ্রাম করেছি।”
প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রয়াত গিয়াস কামাল চৌধুরীর কথা স্মরণ করে তিনি বলেন, “তার মৃত্যুতে আমি মর্মাহত হয়েছি। গণতন্ত্রের আন্দোলনে তিনি কাজ করে গেছেন। তার মতো ব্যক্তির আজ প্রয়োজন ছিল।”
সন্ধ্যায় প্রেস ক্লাবে পৌঁছালে ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার বিরোধীদলীয় নেতাকে অভ্যর্থনা জানান।
এরপর বিরোধী দলীয় নেতাকে নিচতলায় সাংবাদিক লাউঞ্জে নিয়ে যাওয়া হয়।
সেখানে মতবিনিময়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন সাংবাদিক নেতারা।
রুহুল আমিন গাজী, কামাল উদ্দিন সবুজ ও আবদাল আহমেদের স্বাগত বক্তব্যের পর আলোচনা করেন রিয়াজ উদ্দিন আহমেদ, আবুল আসাদ, আলমগীর মহিউদ্দিন, এরশাদ মজুমদার, মোস্তফা কামাল মজুমদার, মাহফুজউল্লাহ, মাহমুদ শফিক, খন্দকার মনিরুল আলম, মুহাম্মদ কামারুজ্জামান, এলাহী নেওয়াজ খান, এম এ আজিজ, মেজবাহ উদ্দিন আহমেদ, আবদুল আউয়াল ঠাকুর, আবদুস শহিদ, বাকের হোসাইন, এম আবদুল্লাহ, জাহাঙ্গীর আলম প্রধান, ইলিয়াস খান, মাহবুব আলম, মির্জা সেলিম রেজা, নজরুল ইসলাম মুকুল, শফিক আহমেদ প্রমুখ।
মতবিনিময়ে বিএনপির সহ-সভাপতি সেলিমা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করীম, সাংবাদিক শফিক রেহমানসহ নবীন-প্রবীণ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।