গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে বিরোধী দল সর্বদলীয় সরকারে যোগ দেবে বলে আশা করছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, “আমরা চাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হস্তান্তর হবে। সর্বদলীয় সরকারের সূচনা হয়েছে। আশা করছি বিরোধীদল এ সরকারে যোগ দিয়ে সুষ্ঠু
ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করবে।”
রাজনীতিবিদদের মধ্যে ‘সমঝোতা’ না থাকায় দেশে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন এই ব্যবসায়ী নেতা।
“আমরা শান্তি চাই, ব্যবসা করার সুযোগ চাই। রাজনীতিবিদদের মনে রাথতে হবে- বিশ্ববাসী বাংলাদেশকে রাজনৈতিক কারণে নয়, অর্থনৈতিক কারণে চেনে।”
সেই অর্থনীতি ‘ধ্বংস’ হয়- এমন কিছু না করার আহ্বান জানিয়ে কাজী আকরাম বলেন, “রাজনীতিবিদদের মনে রাখতে হবে, অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা টেকসই হয় না।”
নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক সংকটের মুখে ব্যবসায়ী নেতারা এর আগে সমঝোতার উদ্যোগ নিলেও ক্ষমতাসীন ও বিরোধী দল তাদের অবস্থানে অনড় থাকে।
নির্বাচনের সময় দায়িত্ব পালনের জন্য সরকার ইতোমধ্যে ‘সর্বদলীয়’ মন্ত্রিসভা গঠন করলেও বিএনপি তাকে তামাশা বলে আসছে।
এই পরিস্থিতি থেকে উত্তোরণের পথ খুঁজতে স্বাধীনতা ও মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন নামের একটি সংগঠন ‘সংকট নিরসন ও রাষ্ট্রীয় স্বার্থে ব্যবসায়ীদের ভূমিকা’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
ফাউন্ডেশনের সহ-সভাপতি নওশের আলীর সভাপতিত্বে এফবিসিসিআইয়ের পরিচালক আব্দুল হক, ফাউন্ডেশনের মহাসচিব আহসান উল্লাহ শামীম, গবেষক নিশাত রহমানও অনুষ্ঠানে বক্তব্য দেন।
আব্দুল হক বলেন, “শান্তি ও স্থিতিশীলতা বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
আরেক বক্তা প্রশ্ন তোলেন- রাজনীতিবিদরা হরতাল ডেকে ব্যবসা বন্ধ করে রাখতে পারলে ব্যবসায়ীরা কেন রাজনীতিবিদদের ‘আল্টিমেটাম’ দিতে পারবে না?

