Advertisement

সাংবাদিক নেছার আহমদের বসত বাড়িতে চুরি, ২ চোর আটক

নিজস্ব প্রতিবেদক  সাংবাদিক নেছার আহমদের বসত বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়া পালংস্থ নিজ বসতবাড়িতে ৩১ জুলাই দিবাগত গভীর রাত ১টা থেকে পৌনে ২টার মধ্যে উক্ত চুরির ঘটনা ঘটে। চোরের দল এ সময় ৩২ হাজার টাকা, ১টি মোবাইল ফোন সেট, জমির দলিল, খতিয়ান, ব্যাংকের চেক বইসহ মূল্যবান কাগজপত্র চুরি করে। স্থানীয় গ্রাম পুলিশ আবদুচ্ছালামের নেতৃত্বে জনতা ২ চোরকে আটক করেছে। আটককৃত চোর মিয়ানমারের নাপ্পুরার নাগরিক, পূর্ব মরিচ্যায় বসবাসকারি আলী আকবরের পুত্র চিহ্নিত চোর আবদুল শুক্কুর (২৫) ও কুতুবদিয়ার জাফর মাঝির পুত্র মোহাম্মদ শফি (২০)কে রামু থানায় সোপর্দ করা হয়েছে।
সাংবাদিক নেছার আহমদ জানান, নিজ কর্মস্থল কক্সবাজার শহর থেকে ৩১ জুলাই গোয়ালিয়া পালংস্থ গ্রামের বাড়িতে যান। জমি রেজিষ্ট্রি বাবদ ৩২ হাজার টাকা, জমির দলিল, খতিয়ান, ব্যাংকের চেক বইসহ মূল্যবান কাগজপত্র একটি ব্যাগে রক্ষিত ছিল। ওই দিন গভীর রাত ১টা থেকে পৌনে ২টার মধ্যে ব্যাগ ভর্তি টাকা ও মালামাল এবং একটি মোবাইল ফোন সেট চুরি করে। রান্না ঘর দিয়ে প্রবেশ করে ওই চুরির ঘটনা ঘটিয়েছে। রাত পৌনে ২টায় তার স্ত্রী শিক্ষিকা ইয়াছমিন আক্তার সেহেরির জন্য রান্না করতে উঠে দরজা খোলা দেখে চুরির ব্যাপারে অবগত হয়।
পূর্ব গোয়ালিয়া পালং এলাকার গ্রাম পুলিশ আব্দুচ্ছালাম রাত ২টার দিকে ওই এলাকা থেকে কাটার প্লাগসহ চোর মোহাম্মদ শফিকে আটক করে। তার স্বীকারোক্তি মতে চিহ্নিত চোর আবদুল শুক্কুরকেও কৌশলে আটক করে।
গ্রাম পুলিশ আবদুচ্ছালাম জানান, চুরি শেষে সরিয়ে যাবার সময় পৃথকভাবে ২ চোরকে স্থানীয়দের সহযোগিতায় আটক করি। ইউপি চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাবুদের নির্দেশে অপরাপর চোরদের আটক এবং মালামাল উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। আটককৃত ২ চোরকে ১ আগষ্ট বিকালে রামু থানায় সোপর্দ করা হয়েছে।

Post a Comment

0 Comments