Advertisement

কক্সবাজারে জমে উঠেছে ঈদ বাজারঃ বিপণী বিতানগুলোতে উপচেপড়া ভিড়

এম. আমান উল্লাহঃ কক্সবাজারে অভিজাত শ্রেণীর ঈদ বাজার জমে উঠেছে পুরোদমে। সকাল থেকে গভীররাত পর্যন্ত চলছে কেনাকাটা। শহরের অভিজাত বিপণী বিতানগুলোতে জমজমাট চিত্র দেখা গেলেও জমেনি মধ্যবিত্ত ও নিন্মবিত্তদের বিপণী বিতানগুলো। ফুটপাথে ক্রেতাদের আনাগোনা তেমন দেখা যায়নি। তবে ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে সকল শ্রেণী-পেশার মানুষের ঈদ বাজার জমে উঠবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। বিক্রেতারা জানান, অন্যান্যবার চটকদার নামের কাপড়ে বাজার সয়লাব ছিলো। ক্রেতারও এসব বাহারি নামের পেছনে ছুটেছেন। তবে এবার কাপড়ের মান ও ডিজাইনকে বেশি
প্রাধান্য দিচ্ছে তরুণ ক্রেতারা। তাই তারা ছুটছেন অভিজাত ফ্যাশন হাউস ও ব্রান্ডশপগুলোতে। ব্যবসায়ী জানান, টানা হরতালের কারণে রমজানের শুরুর দিকে ব্যবসায় চরম মন্দা দেখা দিয়েছিলো। দিনে হরতালের পর রাত হলেই নামতো বৃষ্টি। ফলে বিপাকে পড়েছিলেন ব্যবসায়ীরা। তবে গত দুই-তিন দিনে রাজনৈতিক স্থিতিশীলতা আর প্রকৃতির বদান্যতায় জমে উঠেছে ঈদের বাজার। কক্সবাজার শহরের কয়েকটি অভিজাত ফ্যাশন হাউসের বিক্রেতাদের সাথে আলাপ করে জানা যায়, এবার তরুণীদের বেশিরভাগের চাহিদা লং-ড্রেস। ভারতীয়, পাকিস্তানি ও দেশি লং-ড্রেস সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বলে জানান তারা। শহরের র্বামিজ মার্কেট এলাকা ফ্যাশন হাউসপাড়া হিসেবেই পরিচিত।
কক্সবাজারের অভিজাত ফ্যাশন হাউসের মালিকেরা বলেন, এবার দেশিয় কাপড়ের পাশাপাশি ভারতীয়, পাকিস্তানি ও থাইল্যান্ডের কাপড় দিয়ে তাদের ফ্যাশন হাউস সাজানো হয়েছে। তবে ভারতীয় ও পাকিস্তানি লং-ড্রেসের চাহিদা এবার বেশি। এসব লং-ড্রেস ৪ হাজার থেকে ২৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তিনি আরো জানান, আনরেডি লেহেঙ্গারও কদর রয়েছে। ঈদের আগে নতুন ডিজাইনের আরো পোশাক তোলা হবে কয়েকদিন ধরে বেচাকেনা বেশ ভালো হচ্ছে। আশা করছি, ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে ক্রেতা সমাগম আরো বাড়বে।

Post a Comment

0 Comments