‘এদেশে নেতিবাচক আচরণের কারণে রাজনীতিকদের ওপর দেশের জনগণ বিরক্ত। আমরা রাজনীতিবিদরা নিজেদের স্বার্থের কথা যতটা ভাবি জনগণের স্বার্থের কথা ততটা ভাবি না। এজন্য জনগণ রাজনীতিবিদদের থেকে পৃথক হয়ে গেছে। সরকারের শেষ বছর, নির্বাচনের বছর দিন যত যাবে ততই আমাদের উত্তাল সময় অতিক্রম করতে হবে।’ ঈদকে সামনে রেখে দেশের সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে যা যা করা দরকার
তার সব কিছুই করা হচ্ছে। সড়কের কারণে কোথাও কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে গাজীপুরের টঙ্গী-ঘোড়াশাল সড়কের পূবাইলের মীরের বাজার এলাকা সড়ক পরিদর্শন শেষে এসব কথা বলেন মন্ত্রী।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেছেন, ‘এখন সরকারের শেষ সময়। সময় যত যাবে, ততই উত্তাল সময় অতিক্রম করতে হবে। এ দেশে নেতিবাচক রাজনীতির কারণে রাজনীতিকদের ওপর জনগণ বিরক্ত। এখন মানুষ ভাবে, তাদের ভাগ্য নিয়ে আমরা নিষ্ঠুর তামাশা করছি। রাজনীতিবিদদের ওপর যদি মানুষ আস্থা হারিয়ে ফেলে, তবে দেশটা চালাবে কে? আমরা যদি এভাবে বেপরোয়া চালকদের মতো রাজনীতিকরাও বেপরোয়া চালক হয়ে যাই, তাহলে দেশটা চলবে কীভাবে?’
তিনি এসময় আরও বলেন, পদ্মা সেতুর কাজ চলমান, মূল সেতুর টেন্ডার হয়েছে। এখন টেকনিক্যাল কমিটি এর কার্যাদেশ প্রদান করবে।
ওবায়দুল কাদের বলেন, টঙ্গী-ঘোড়াশাল সড়কে রাস্তার তুলনায় যানবাহনের চাপ বেশি, রাস্তা অপ্রশস্ত। যে কারণে টঙ্গী থেকে ঘোড়াশাল পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হবে। চলতি বছরের আগস্ট মাসেই টেন্ডার দেওয়া হবে এবং বর্ষা শেষেই কাজ শুরু হবে। রাস্তার উভয় পাশে তিন ফুট করে ছয় ফুট বাড়ানো হবে। এজন্য ৪০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
মন্ত্রী বলেন, সড়ক এখন ফোর লেইন, সিক্স লেইন এবং এইট লেইনের করেও কোনো লাভ নেই, রাজনৈতিক অস্থিরতা থাকলে এবং রাস্তায় শৃঙ্খলা না থাকলেও রাস্তা দখল করে ঝটিকা মিছিল এবং বিভিন্ন ধরনের তৎপরতা চলতে থাকলে রাস্তা সম্প্রসারণ করে কোনো লাভ হবে না।
এসময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাবুদ্দিনসহ সওজের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


0 Comments