Advertisement

ঢাবিতে সংঘর্ষ: পুলিশের মামলায় আসামি ১২ শ’


ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে পুলিশের সঙ্গে সরকারি চাকরির কোটাবিরোধীদের সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় আরেকটি মামলা হয়েছে।
পুলিশের ওপর হামলা, দায়িত্ব পালনে বাধা ও অগ্নিসংযোগের অভিযোগে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল রউফ বৃহস্পতিবার রাতে এ মামলা দায়ের করেন।
থানার পরিদর্শক (তদন্ত) এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে জানান, মামলার এজাহারে নয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ১২শ’ জনকে আসামি করা হয়েছে।
আসামির তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন- হাফিজুর রহমান, মির্জা তৌহিদুল ইসলাম,শিকদার দিদারুল ইসলাম,মতিউর রহমান, মোহাম্মদ জহিরুল ইসলাম, জুনায়েদ, নুরুল হুদা, রায়হান কাউসার ও মোহাম্মদ আরীফ হোসেন।  তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
ওসি সিরাজুল ইসলাম জানান, এই নয়জনকে বৃহস্পতিবারই ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া শুক্রবার ক্যাম্পাসের বিভিন্ন এলাকা থেকে আরো ১৫ জনকে আটক করা হয়েছে।
সোমাবার ৩৪ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর তা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিক্ষোভ-প্রতিবাদের মুখে বুধবারই ওই ফল পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় পিএসসি।
কিন্তু সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবারও বিক্ষোভ করে চাকরিপ্রত্যাশীরা। শাহবাগ অবরোধের চেষ্টায় ব্যর্থ হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং দফায় দফায় সংঘর্ষে জড়ায়।
এক পর্যায়ে উপাচার্যের বাসভবন ও কার্যালয়, প্রক্টর কার্যালয়, সমাজ বিজ্ঞান ভবনসহ বিভিন্ন স্থানে ভাংচুর চালায় বিক্ষোভকারীরা। বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলের সামনে থাকা গত পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত বিভিন্ন উপকরণও তারা পুড়িয়ে দেয়।
ভাংচুরের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও অজ্ঞাতপরিচয় পাঁচ/ছয়শ জনকে আসামি করে একটি মামলা করেছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা এসএম কামরুল আহসান বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন।

Post a Comment

0 Comments