Advertisement

কক্সবাজারে পাল্লা দিয়ে বাড়ছে কাঁচা মরিচ-শশা ও টমেটোর দাম

বলরাম দাশ অনুপম, কক্সবাজার
কক্সবাজার জেলার প্রত্যন্ত অঞ্চলের হাট বাজারে পাল্লা দিয়ে বাড়ছে কাঁচা মরিচ, শশা ও টমেটোর দাম। বাজার নিয়ন্ত্রণের কোন সুষ্ঠ মনিটরিং না থাকার অসাধু ব্যবসায়ীরা দফায় দফায় দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। গত এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ ৬০ টাকা থেকে বেড়ে ২৪০ টাকা থেকে ২৬০ টাকায় বিত্রিু হচ্ছে, টমেটো ৫০ টাকা থেকে বেড়ে ১‘শ টাকা ও শশা ৩০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা পর্যন্ত বেড়ে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ক্রেতারা মনে করছেন অতি মুনাফালোভী কিছু ব্যবসায়ী রমজানকে পুঁজি করে ইচ্ছাকৃতভাবে এসব পণ্য সামগ্রীর দাম বাড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে বৃহত্তর ক্রেতা সাধারণ হাট বাজার মনিটরিং কমিটি হস্তক্ষেপ কামনা করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে।
শহরের বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা যায়, বাজারে পর্যাপ্ত শাক সবজি ও তরি তরকারি বিদ্যমান থাকলেও ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাত তুলে ক্রেতাদের নিকট থেকে প্রতিটি শাক সবজির বিপরীতে ৫/১০ টাকা করে বাড়িয়ে নিচ্ছে। গত এক সপ্তাহ আগে যে কাঁচা মরিচ বিক্রি হয়েছে কেজি প্রতি ৬০ টাকা, বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকা করে। তাও আবার অধিকাংশ শাক সবজির দোকানে কাচা মরিচের পাত্তাই মিলছে না। মরিচের ঝাজ এতই বেশী যে অনেককে মরিচ না কিনেই ফিরে যেতে দেখা গেছে। তাছাড়া টমেটো ৫০ টাকা থেকে বেড়ে ১শত টাকা ও শসা ৩০ টাকা থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত এক সপ্তাহ আগে বেগুন ২০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে বেগুনের দাম হাকা হচ্ছে ৬০ টাকা করে। ব্যবসায়ীরা বললেন রোজা বাড়ার সাথে সাথে বেগুনের দাম আরো বাড়তে পারে। পাশাপাশি শাক সবজির দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে ব্যবসায়ীদের অভিমত। ক্রেতাদের অভিযোগ, রমজানকে পুঁজি করে একটি চক্র ইচ্ছা করে পণ্য সামগ্রীর দাম বাড়িয়ে অতিরিক্ত ফায়দা লুটছে। এ ব্যাপারে জানতে চাওয়া হলে সবজি বিক্রেতা ফজল করিম (৪০), রওশন আলী (৩৫) জানান, বাজারে যে সব তরি তরকারি বেচা কেনা হচ্ছে তা উত্তরাঞ্চলের বিভিন্ন হাট বাজার সংগ্রহ করে এখানে আনতে পরিবহনসহ অন্যান্য খরচ মেটানোর জন্য দাম বাড়িয়ে নিতে হচ্ছে। ক্রেতা সাধারণের অভিযোগ প্রতি রমজান মাসে খুচরা ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম সিন্ডিকেট করে বাড়িয়ে দেয়।

Post a Comment

0 Comments