ডেস্ক রিপোর্ট : আন্দামান সাগরে আংশিক ডুবে যাওয়া বাংলাদেশি পতাকাবাহী এমভি হোপ জাহাজের নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে থাইল্যান্ডের নৌবাহিনী। শনিবার দুপুর একটা পর্যন্ত ৮
নাবিক নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। বাংলানিউজ
এই আটজন হলেন- জাহাজের ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকার, মো. মাহাবুব মোর্শেদ, কাজী সাইফুদ্দিন, মো. নেজাম উদ্দিন, সাদিম আলী, মো. নাসির উদ্দিন, মো. আলী হোসেন, নাসির উদ্দিন।
ডুবে যাওয়া এমভি হোপ জাহাজের মালিকের স্বার্থরক্ষাকারী প্রতিষ্ঠান ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের জানান, যদিও জীবিত উদ্ধারের আশা ক্ষীণ তারপরেও আশা রাখছি।
জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার দিন বৃহস্পতিবার ও পরের দিন শুক্রবার নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা হলেন দ্বিতীয় প্রকৌশলী মো. মোবারক হোসেন, জাহাজের ডেক ক্যাডেট মুশফিকুর রহমান, রাইক ফাইরুজ ও মোখলেছুর রহমান, চতুর্থ প্রকৌশলী আবদুল হাকিম, নাবিক আবু বকর সিদ্দিক, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ ওসমান, সাইফুল ইসলাম।
এদিকে বৃহস্পতিবার থাইল্যান্ডের দক্ষিণে ফুকেট দ্বীপ থেকে ৩২ কিলোমিটার দূরে আন্দামান সাগরের যে স্থানে এমভি হোপ ডুবে যায় তার কাছ থেকে দু’টি লাশ উদ্ধার করেছে থাই নৌবাহিনী। তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এরা বাংলাদেশি হলে এমভি হোপ ডুবিতে নিখোঁজের সংখ্যা ৬ হবে।
চট্টগ্রাম বন্দরমুখী ২৩ বছর পুরনো জাহাজটি দুর্যোগপুর্ণ আবহাওয়াড পড়ে কাত হয়ে যায়। ক্যাপ্টেন জাহাজটিকে বিপজ্জনক হিসেবে ঘোষণা দিলে নাবিকরা সাগরে ঝাঁপ দেন।
৯৭ মিটার দীর্ঘ এবং পাঁচ হাজার ৫৫০ টন ওজনের এমভি হোপ জাহাজটি মালয়েশিয়ার মালাক্কা দ্বীপ থেকে চট্টগ্রামে আসছিল। জাহাজটি ছয় হাজার ৫৪৫ মেট্রিক টন পণ্য পরিবহন করছিল।

0 Comments