Advertisement

জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে ফল মেনে নেয়ার সংস্কৃতি গড়ে তুলুন: সিইসি


আল-আমীন আনাম: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফলাফল মেনে নিতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী
রকিবউদ্দিন আহমদ। নির্বাচনে জনরায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ফল মেনে নেয়ার জন্যে বিজয়ী ও বিজিত প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

শনিবার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন ‘শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠুভাবে’ সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

সকাল ৮টা থেকে এই সিটির ৩৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে। ৫টার পর ইসির সম্মেলন কক্ষে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া জানান কাজী রকিব।

তিনি বলেন, ভোটের সময় প্রার্থী ও রাজনৈতিক দলের পক্ষ থেকে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হয়েছে।

‘নির্বাচন কমিশন সব ধরনের ভয়ভীতির ঊর্ধে থেকে ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়া নিশ্চিত করেছে।’

সিইসি দাবি করেন, নির্বাচন কমিশন স্বচ্ছ্বতায় বিশ্বাসী। গণমাধ্যমেরও ভূয়সী প্রশংসা করেন তিনি।

তার মতে, বর্তমান বিশ্বে গণমাধ্যমের সজাগ অবস্থানের কারণে কারচুপির আর সুযোগ নেই।

‘আজকাল যে সিস্টেম হয়েছে, স্বচ্ছ ব্যালট বাক্স হয়েছে, তারওপর সবার যে সতর্ক দৃষ্টি- তাতে কেন্দ্র দখল, কারচুপি, ভোট ডাকাতি করা সম্ভব না।’

ভোটকেন্দ্র ছাড়াও আশপাশের এলাকাগুলোয় গণমাধ্যম যেভাবে দৃষ্টি রেখেছে, তাতে ভোটের প্রকৃত অবস্থা সম্পর্কে দেশ ও দেশের বাইরে অবহিত করা সহজ হয়েছে বলেও উল্লেখ করেন কাজী রকিব।

গাজীপুর নির্বাচনের ফল মেনে নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

‘ভোটের মাধ্যমে জনগণ প্রতিনিধি নির্বাচন করেন। আপনারা জনরায়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন। জিতুন বা পরাজিত হোন- বিজয় মিছিল বা কোনো শো-অফ করবেন না। জনরায় মেনে নিয়ে সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ঐতিহ্য গড়ে তুলুন।’

নির্বাচন পরবর্তী সময়ে বিশৃঙ্খলা রোধে আইন শৃঙ্খলাবাহিনীকে সহায়ত করারও অনুরোধ জানান সিইসি।

তিনি বলেন, আইন শৃঙ্খলাবাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সব সময় সজাগ থাকবে।

নির্বাচন কমিশনার আবদুল মোবারক, জাবেদ আলী, মো. শাহনেওয়াজ, ইসি সচিব মোহাম্মদ সাদিকও এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ক্ষমতাসীন ও বিরোধী দলের দুই প্রার্থীসহ মোট সাতজন এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Post a Comment

0 Comments