আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনি কর্তৃক ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিককে পেটানোর ঘটনায় অবশেষে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। রোববার
সচিবালয়ে এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘উভয়পক্ষের মামলা আমলে নিয়েছে পুলিশ। যার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’
পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ (বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন) এবং বিকেএমইএ (বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন) নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পরপরই সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সাংসদ গোলাম মাওলা রনি হাতে সাংবাদিকদের ওপর হামলা ও মারধরের বিষয়ে তার অবস্থান জানতে চান সাংবাদিকরা।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে কোনো পক্ষ থেকে আক্রমণের ঘটনা ঘটতে পারে। সংশ্লিষ্ট দপ্তর তা আমলে নেবে।’ গোলাম মাওলা রনির বিরুদ্ধে মামলা হয়েছে উল্লেখ করে, ‘তাকে (রনি) গ্রেফতার করা হবে কি না?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মামলা হলেই তো আমরা সবাইকে গ্রেফতার করি না, করতেও পারি না। উভয় পক্ষের মামলা আমলে নিয়েছে পুলিশ। যদি কেউ আইন অমান্য করেন, আক্রমণ করেন, তাহলে যার বিরুদ্ধে অপরাধ প্রমাণ হবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি অভিযোগকারী নই, বিচারকও নই। এটা যাদের দায়িত্ব তাদের ওপর ছেড়ে দিন। আইন তার নিজস্ব গতিতে চলবে।’ তবে এ ঘটনাকে নিন্দনীয় হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, শ্রম সচিব মিকাইল শিপার, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম ছাড়াও বিজিএমইএ, বিকেএমইএ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

0 Comments