Advertisement

অস্ট্রেলিয়ার কোচ আর্থার বরখাস্ত

রয়টার্স
কোচ মিকি আর্থারকে বরখাস্ত করে তার উত্তরসূরী হিসেবে সাবেক ব্যাটসম্যান ড্যারেন লেম্যানকে নির্বাচন করেছে অস্ট্রেলিয়া।
অ্যাশেজ অর্থাৎ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হওয়ার মাত্র দুই সপ্তাহ আগে এই ঘটনা অস্ট্রেলীয় ক্রিকেটাঙ্গনে বিস্ময়ের জন্ম দিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডও তা স্বীকার করেছেন।
সোমবার ইংল্যান্ডের ব্রিস্টলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। সন্দেহ নেই এই সিদ্ধান্তের সময়টা বেশ বিস্ময়কর। এমনকি এটা অনেক মানুষকে ধাক্কাও দিয়েছে।”
“সিদ্ধান্তটা আমরা সহজে নিতে পারিনি। ব্যাগি গ্রিন ক্যাপ অস্ট্রেলিয়ার সব ক্রিকেটারের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এটা অস্ট্রেলীয় ক্রীড়াঙ্গনের অন্যতম সেরা উপহার।”
২০১১ সালে অস্ট্রেলীয় ক্রিকেটের এক ক্রান্তিলগ্নে কোচের দায়িত্ব নিয়েছিলেন আর্থার। দুই যুগ পর ঘরের মাঠে অ্যাশেজ হেরে এক সময়ের পরাক্রমশালী দলটি তখন হতবিহ্বল, বিধ্বস্ত।
তবে প্রথম অ-অস্ট্রেলীয় হিসেবে এই দায়িত্ব পাওয়া দক্ষিণ আফ্রিকান আর্থার দলকে সাফল্য এনে দিতে পারেননি। তার অধীনে এ বছর ভারতের মাটিতে টেস্ট সিরিজে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার লজ্জা অস্ট্রেলিয়াকে বহু দিন তাড়া করে বেড়াবে নিঃসন্দেহে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে উঠতে না পারার যন্ত্রণাও কম নয়। পাশাপাশি মাঠের বাইরে অনাকাঙ্ক্ষিত, শৃঙ্খলাভঙ্গের ঘটনাও অস্ট্রেলিয়াকে বিব্রত করেছে বার-বার।
৪৫ বছর বয়সী আর্থার ব্যর্থতার দায় মাথা পেতে নিয়েছেন নির্দ্বিধায়। তিনি বলেন, “বাস্তবতা হলো, যখন আপনি কোনো দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন, তখন আপনাকে এর পরিণতিরও সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। ভারত সফরে আমরা পুরোপুরি বিধ্বস্ত হয়েছিলাম নিঃসন্দেহে। যদিও তরুণদের নিয়ে গড়া দল নিয়ে বিরুপ পরিস্থিতির সামনেও পড়তে হয়েছিল আমাদের।”
এদিকে আর্থারকে বরখাস্ত করার কয়েক ঘণ্টা পর নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।

Post a Comment

0 Comments