Advertisement

চকরিয়ায় ৫ সার ডিলারশীপ বাতিলের সুপারিশ জেলা প্রশাসকের কাছে

এম জিয়াবুল হক,চকরিয়া :
চকরিয়ায় সরকারী নীতিমালা ভঙ্গের অভিযোগে উপজেলার ৫ সার ডিলারের ডিলারশীপ বাতিলের সুপারিশ জানানো হয়েছে। একাধিক ইউপি চেয়ারম্যানের লিখিত
অভিযোগের ভিত্তিতে উপজেলা সার বীজ মনিটরিং কমিটি অভিযুক্ত ওই সার ডিলার সমুহের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসকের কাছে এ সুপারিশ পাঠানো হয়েছে।
উপজেলার ফাঁিসয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী জানান, তার ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সার ডিলার মেসার্স আবুল হাশেম সরকারী নীতিমাল ভঙ্গের মাধ্যমে ইউনিয়নে সার বিপনন কেন্দ্র ও গুদাম খুলার পরিবর্তে পৌরশহরে দোকান খুলে দিব্যি সার ব্যবসা চালাচ্ছে। এ অবস্থার কারনে ইউনিয়নের খুচরা বিক্রেতা ও স্থানীয় কৃষকরা সঠিক সময়ে সার পাচ্ছেনা। সংশ্লিষ্ট সার ডিলারকে এব্যাপারে একাধিকবার তাগাদা দেয়ার পরও কোন ব্যবস্থা না নেয়ায় তিনি (ইউপি চেয়ারম্যান) বাদি হয়ে ওই ডিলারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের জন্য লিখিতভাবে অভিযোগ করেন উপজেলা সার বীজ মনিটরিং কমিটির কাছে।
একইভাবে উপজেলার পুর্ববড় ভেওলা ইউপি চেয়ারম্যান মো.ইব্রাহিম খলিল জানান, উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে তার ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সার ডিলার হলেন মের্সাস সরওয়ার এন্ড সন্স। ইউপি চেয়ারম্যান অভিযোগ করেছেন, তার ইউনিয়নের কোন এলাকায় ওই ডিলারের দোকান অথবা গুদাম নেই। অনেকবছর ধরে ওই ডিলার পৌরশহরের চিরিঙ্গাস্থ ভাই ভাই বোডিংয়ের নীচে দোকান এবং ষ্টেশনপাড়ার গ্যারেজের ভেতর গুদাম খুলে সরকারী বরাদ্ধের সারের ব্যবসা করছে। ইউপি চেয়ারম্যানের দাবি ডিলার সরওয়ার এন্ড সন্সের এ অনিয়মের কারনে তার ইউনিয়নে কৃষকরা সঠিক সময়ে সার পাচ্ছেনা। অনেক সময় চাষাবাদের প্রয়োজনে কৃষকরা উপজেলা সদরে গিয়ে সার ক্রয় করেন জমিতে প্রয়োগের জন্য। এ অবস্থার কারনে ওই ডিলার ডিলারশীপ বাতিলের দাবি জানিয়ে উপজেলা সার বীজ মনিটরিং কমিটির কাছে লিখিত অভিযোগ দেন ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল।
জানা গেছে, উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের সার ডিলার মের্সাস এ আর এন্টারপ্রাইজ, পুর্ববড় ভেওলার সার ডিলার মের্সাস সরওয়ার এন্ড সন্স, ফাসিয়াখালী ইউনিয়নের মের্সাস আবুল হাশেম, ঢেমুশিয়া ইউনিয়নের সার ডিলার মের্সাস আলমঙ্গীর এন্ড সন্স ও পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের সার ডিলার মের্সাস আবু তাহেরের বিরুদ্ধে ভরা মৌসুমে পরপর দুই বার সার উত্তোলন না করার এবং ইউনিয়নের ডিলার হলেও নীতিমালা ভঙ্গের মাধ্যমে পৌরশহরে দোকান ও গুদাম খুলে ব্যবসা করার অভিযোগে সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিরা তাদের ডিলারশীপ বাতিল চেয়ে উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে নালিশ করেন।
উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা জানায়, গত ১২ডিসেম্বর জেলা সার বীজ মনিটরিং কমিটির সভায় সভাপতি ও জেলা প্রশাসক মো.রুহুল আমিন সহ অপরাপর কর্মকর্তাদের উপস্থিতিতে জেলার সব উপজেলার সার ডিলারদের অনিয়ম এবং নীতিমালা ভঙ্গের ব্যাপারে বিষদ আলোচনা হয়েছে। ওই সভায় নীতিমালা ভঙ্গের অভিযোগে চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের ডিলার এ আর এন্টারপ্রাইজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করেন উপজেলা সার বীজ মনিটরিং কমিটি। তবে জেলা কমিটির সদস্যসচিব ও জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক ওইদিন চকরিয়া উপজেলার অপর ৩ সার ডিলারের ডিলারশীপ বাতিলের কতিপয় কারন উপস্থাপনের জন্য সভাকে অবহিত করেন। পরে জেলা কমিটির নির্দেশে অভিযুক্ত তিন সার ডিলারের অনিয়মের ব্যাপারে তথ্য উপস্থাপনের জন্য চকরিয়া উপজেলা কমিটিকে নির্দেশ দেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জাকির হোসেন বলেন, উপজেলার ৫ সার ডিলার পরপর দুইবার সার উত্তোলন করেনি। যার ফলে তারা নীতিমালা ভঙ্গের অপরাধে অভিযুক্ত হয়েছেন। তিনি বলেন, এছাড়াও তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিরা লিখিত অভিযোগ দিয়েছেন নানা অনিয়মের অভিযোগে। তাই এ গুলো তদন্তের মাধ্যমে সত্যতা নিশ্চিত হয়ে এসব ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে জেলা কমিটির কাছে সুপারিশ জানানো হয়েছে।

Post a Comment

0 Comments