Advertisement

ইলিয়াসের বাড়িতে সিসি ক্যামেরা

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিটফোর ডটকম)- বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর বাড়িতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়েছে পুলিশ। 


শনিবার সন্ধ্যার পর বনানীতে সিলেট হাউজ নামে ওই বাড়ির ফটকে তিনটি ক্যামেরা বসানো হয়। 
বাড়ির কাউকে না বলেই ক্যামেরাগুলো বসানো হয় বলে জানিয়েছেন ওই বাড়িতে বসবাসকারী রফিকুল ইসলাম হিলালী। 
তবে পুলিশ বলছে, বিএনপি নেতার পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 
বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশের একটি দল ইলিয়াসের বাড়িতে গেলে একে হয়রানি বলে অভিযোগ করেন তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। 
শুক্রবার এক সংবাদ সম্মেলনে পরিবারের নিরাপত্তাহীনতার কথাও বলেন তিনি। এর পরপরই সিসি ক্যামেরা বসালো পুলিশ। 
হিলালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যার পর তাড়াহুড়া করে বাসার গেটের বাইরের দিকে তিনটি সিসি ক্যমেরা বসিয়ে পুলিশ সদস্যরা চলে যায়।” 
“তারা কোনো অনুমতি নেওয়া বা জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে করেনি,” যোগ করেন তিনি। 
এই বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইলিয়াস আলীর পরিবারের নিরাপত্তার বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই পদক্ষেপ নিয়েছি।” 
তিনি জানান, বাসার বাইরের দিকে সিসি ক্যামেরাগুলো বসানো হয়েছে এবং তা কেন্দ্রীয়ভাবে মনিটর করা হচ্ছে। 
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস এক মাস ধরে নিখোঁজ। গত ১৭ এপ্রিল মধ্যরাতে বনানীতে বাড়ির কাছে তার গাড়ি পাওয়া গেলেও পাওয়া যায়নি বিএনপি নেতা ও তার গাড়িচালককে। 
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২৩৪৫ ঘ. 

Post a Comment

0 Comments