নিজস্ব প্রতিবেদক
থানার দেয়াল ঘেঁষা পত্রিকা অফিসে ঢুকে সম্পাদক, প্রধান সম্পাদকসহ ৩জন কে গুরুত্বর আহত করার ঘটনায় বাদীর দায়েরকৃত এজাহারের আসামি ওসির বিরুদ্ধে মামলা রেকর্ড
না হওয়া ও জড়িত কোন সন্ত্রাসী গ্রেপ্তার না করা শুধু সাংবাদিক সমাজের নয়, পুরো বাংলাদেশের জন্য কলঙ্ক ও অনভিপ্রেত। এই ঘটনা বিবেকবান যেকোন মানুষের মনে নাড়া দেবে এবং ক্ষুন্ন করবে সরকারের ভাবমূর্তি। একই সাথে বিষয়টি বাংলাদেশ পুলিশের মত একটি সুশৃঙ্খল বাহিনীর মর্যাদাও ভুলুণ্ঠিত করছে। প্রশ্নবিদ্ধ হচ্ছে পুলিশ কার স্বার্থে। থানার ভিতরে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে ঢুকতে পারলে জনগণ কোথায় যাবে? কথা গুলো বলেছেন, বিশ্ব মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ সংস্থা এবং সাউথ এশিয়া কালচারাল সোসাইটি, বাংলাদেশের চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ। তিনি শুক্রবার রাতে কক্সবাজারে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। এ সময় শেখ ওয়াহিদুজ্জামান আক্রান্ত দৈনিক কক্সবাজারবাণী পত্রিকা অফিস পরিদর্শন করেন এবং সেখানে দাঁড়িয়ে উদ্বেগ প্রকাশ করে আরো বলেন, পুলিশ জড়িত না থাকলে কোনদিন একজন সম্পাদক ও পত্রিকা অফিসে এরকম ঘটনা ঘটতে পারেনা। এই বাস্তব সন্দেহটি আরো বাড়িয়ে দিয়েছে এই ঘটনার এক সপ্তাহ পরও জড়িত কাউকে গ্রেপ্তার না করায়। তাই শেখ ওয়াহিদুজ্জামান শুধু অপরাধে সম্পৃক্ত থাকার জন্য নয়, নিজেদের অদক্ষতার কারণে, মানুষের জানমালের নিরাপত্তা দিতে না পরায় বাদীর এজাহারের আসামি ওসিকে প্রত্যাহার এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা রুজু করে গ্রেপ্তারের পরামর্শও দেন সংশ্লিষ্টদের। এসময় দৈনিক কক্সবাজারবাণীর কর্মকর্তা-কর্মচারি, স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে মানবাধিকার বিষয়ক এক কর্মশালায় শেখ ওয়াহিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানেও বক্তব্য প্রদানকালে তিনি কক্সবাজারবাণী পত্রিকা অফিসে হামলার ঘটনা মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে এ ব্যাপারে তীব্র নিন্দার পাশাপাশি জড়িতদের শাস্তি দাবি করেন।
এদিকে আক্রান্ত কক্সবাজারবাণী অফিস শেখ ওয়াহিদুজ্জামান পরিদর্শন ও নিন্দার বিষয়টি ওঠে আসলে কক্সবাজার সদরের দুর্নীতিবাজ ওসি কামরুল গা বাঁচাতে ব্যাপক দেনদরবার শুরু করে দেয়। তিনি গোপনে লক্ষ লক্ষ টাকা খরচ করে স্থানীয় ভাবে বিষয়টি মিমাংস করার জন্য একঝাঁক দালাল সৃষ্টি করেছেন বলে জানা গেছে।
আমাদের ঢাকা অফিস জানায়, দৈনিক কক্সবাজারবাণী পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলায় সম্পাদক ও প্রধান সম্পাদকসহ ৩জন গুরুতর আহত হওয়ার ঘটনায় জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন ও মহাসচিব এস এম সিরাজুল ইসলাম গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষী ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

0 Comments