ঢাকা, এপ্রিল ১৮ :
সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম করার প্রতিবাদে আগামী রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
বুধবার রাতে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
একই দাবিতে বৃহস্পতিবার সিলেট বিভাগে স্থানীয় বিএনপির ডাকা হরতালেও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়েছে বলে ফখরুল জানান। ইলিয়াস সিলেট জেলা বিএনপিরও সভাপতি।
রাজধানীর বনানী থানা এলাকা থেকে মঙ্গলবার মধ্যরাতে নিখোঁজ হন ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার। রাত দেড়টার দিকে মহাখালী এলাকা থেকে তার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
ইলিয়াস নিখোঁজের ঘটনায় তার স্ত্রী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিএনপি এর জন্য সরকারকে দায়ী করলেও র্যাব ও গোয়েন্দা পুলিশ বলছে, ইলিয়াস আলী তাদের হেফাজতে নেই।
ইলিয়াস আলীর সন্ধান দাবিতে হরতাল ছাড়াও বৃহস্পতিবার ঢাকাসহ জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ এবং শনিবার মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি।
ফখরুল বলেন, ইলিয়াস আলী দেশের একজন জনপ্রিয় নেতা। তার নিখোঁজ হওয়ার ঘটনার পর সিলেটসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছে। আমরা সরকারকে বলে দিতে চাই, অবিলম্বে তাকে আমাদের কাছে সুস্থ শরীরে ফিরিয়ে দিন। নইলে যে কোনো পরিস্থিতির দায় আপনারদের (সরকার) বহন করতে হবে।
ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার পেছনে সরকারের ষড়যন্ত্র রয়েছে দাবি করে বিএনপি নেতা বলেন, আমরা জানতে পেরেছি, সরকার বিরোধীদলীয় নেতা ও কর্মীদের দমাতে একটি বিশেষ সংস্থা তৈরি করেছে। তাদের মাধ্যমে নেতা-কর্মীদের শারীরিকভাবে নির্যাতন ও হত্যা-গুমের মতো ঘটনা ঘটানো হচ্ছে।
এই প্রসঙ্গে ঢাকার বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমের নিখোঁজ হওয়ার কথাও তুলে ধরেন ফখরুল।
তিনি বলেন, অতীতে ১৯৭২-৭৫ সালে আওয়ামী লীগ ৩৪ হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করেছে। এবার তারা ভিন্ন লেবাসে আগের মতোই একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে।
(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

0 Comments