Advertisement

উখিয়ায় বোরোর বাম্পার ফলন

কায়সার হামিদ মানিক
কক্সবাজারের উখিয়ায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বিদ্যুতের অব্যাহত লোডশেডিং ও প্রচন্ড খরায় তীব্র পানি সংকটে যখন কৃষক দিশেহারা ঠিক সে সময়ে প্রকৃতির
করুনা এক পসলা বৃষ্টিতে বোরো ধান গা ঝাড়া দিয়ে উঠেছে। যেদিকে দু’চোখ যায় পাকা ধানে ভরে গেছে বিস্তৃত ফসলী জমি। কৃষাণ কৃষাণিরা পাকা ধান ঘরে তোলার জন্য ব্যস্ত সময় কাটাচ্ছে। কৃষি বিভাগের মতে এবার বোরো উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।
উপজেলা কৃষি সম্প্রসারণ সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে ৫হাজার ৮শত হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বোরো মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত গ্রামাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশের উপর ভরসা করে এখানকার কৃষকরা লক্ষ্য মাত্রার চাইতে বেশি জমিতে বোরো চাষাবাদ করেছে। মৌসুমের মাঝামাঝি সময়ে পল্লী বিদ্যুতের অসহনীয় লোড শেডিং এর ফলে বোরো উৎপাদন অনেকটা অনিশ্চিত হয়ে পড়ে। স্থানীয় কৃষক আবদুর রহিম (৫৫) সুলতান আহমদ (৪৭) জানান, তারা ফসল বাঁচিয়ে রাখার জন্য ডিজেল চালিত মেশিনের সাহার্য্যে পানি সংকটের মোকাবেলা করেছে। অনেকেই সামর্থ না থাকার কারণে জমিতে সেচ দিতে না পারায় ফসলী জমি ফেটে চৌচির হয়ে গেছে। চৈত্রের মাঝামাঝি সময়ে ২/৩ দিনের বৃষ্টিতে সতেজ হয়ে উঠে বোরো ক্ষেত। মাঠের ধান পেকে হলুদ বর্ণ হয়ে গেছে। ধানের ভারে নুয়ে পড়া চাষাবাদ দেখে কৃষকেরা খুশিতে আর্ত্মহারা। ডেইল পাড়া গ্রামের বদিউর রহমান জানালেন, প্রতি হেক্টর জমিতে ৫ মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি অফিসার ইউছুপ ভুঁইয়া বলেন, এ সময়ে কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে ২০ হাজার মেট্রিক টন চাল উৎপাদন হতে পারে।

Post a Comment

0 Comments