Advertisement

চকরিয়ায় কিশোরী হত্যার অভিযোগে আটক মামাকে আসামী করে মামলা


এম.জিয়াবুল হক,চকরিয়া :
চকরিয়ার ফাঁিসয়াখালী ইউনিয়নে প্রতিবন্ধি কিশোরীকে জবাই করে হত্যার অভিযোগে হাসপাতাল থেকে আটক ওই কিশোরীর মামাকে একমাত্র আসামী করে থানায় একটি হত্যা মামলা হয়েছে। থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো: ইয়াছিন জানিয়েছেন কিশোরী হত্যার ঘটনায় সোমবার রাতে নিহতের দাদা নবী হোছাইন বাদি হয়ে থানায় এ মামলাটি দায়ের করেছেন।
      এলাকাবাসি জানায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ওই গ্রামের আবদুল জলিলের প্রতিবন্ধি কিশোরী মেয়ে ময়না বেগমকে (১৫) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কিশোরী ময়না বাড়িতে থাকতো তার ছোট দুই ভাইকে নিয়ে। তার বাবা আবদুল জলিল বর্তমানে একটি হত্যা মামলায় আসামী হয়ে পলাতক ও মাতা হামিদা বেগম বেলু একই মামলায় কক্সবাজার জেলা কারাগারে আটক রয়েছে। এসুযোগে ঘটনার রাতে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করেছে। স্থানীয় লোকজন দাবি করেছেন, গুরুতর আহত অবস্থায় কিশোরীকে নিয়ে তার মামা আবদুর রহিম রাত ১টা ৫০মিনিটে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন রাতের ওই সময়ে কিশোরীকে হাসপাতালে ভর্তি করেন অপর দুই ব্যক্তি। একই সময়ে হাসপাতালে বিষপান করে ভর্তি হন ওই কিশোরীর মামা একই ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার আজিজুর রহমানের ছেলে আবদুর রহিম (২৮)। এদিকে ঘটনাটি হাসপাতাল কতৃর্পক্ষের সন্দেহ হলে তারা রাতে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুর রহিমকে (২৮) ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করেন। হাসপাতালে আবদুর রহিম বিষপান করে ভর্তি হয়েছিলো। 
      থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, গত ৩মাস পুর্বে বসতভিটার বিরোধ নিয়ে ওই ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার নুরুল আমিনকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এঘটনায় নিহতের ভাই মোক্তার আহমদ বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি জানান, ওই মামলায় নিহত কিশোরীর বাবা আবদুল জলিল, মাতা হামিদা বেগম বেলু ও গ্রেফতারকৃত মামা আবদুর রহিমসহ ১৩জনকে আসামী করা হয়। বর্তমানে নিহতের বাবা ওই মামলায় পলাতক ও মাতা অন্য আসামীদের সাথে জেল হাজতে রয়েছে। 
   চকরিয়া থানার ওসি মোহাম্মদ ফরহাদ কিশোরী হত্যা প্রসঙ্গে বলেন, প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতেই মুলত গ্রেফতারকৃত আবদুর রহিম প্রতিবন্ধি ভাগিনীকে হত্যা করতে পারে। প্রাথমিকভাবে পুলিশ সেই বিষয়টি আমলে নিয়ে হত্যার রহস্য উদঘাটনে নেমেছে। তিনি বলেন, ঘটনার রহস্য উদঘাটন ও মামলার অগ্রগতির প্রয়োজনে গ্রেফতারকৃত আসামীকে রিমান্ডে নেয়া হবে।

Post a Comment

0 Comments