Advertisement

রাজধানীতে সাংবাদিক দম্পতি খুন


ঢাকা, ১১ ফেব্রুয়ারি: রাজধানীর পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি নৃশংসভাবে খুন হয়েছেন। শুক্রবার গভীর রাতে তাদের খুন করা হয় বলে ধারণা করা হচ্ছে। তারা ৫৮/এ /১ ইন্দিরা রোড পশ্চিম রাজাবাজারের বাসায় ভাড়া থাকতেন।
মেহেরুন রুনির ভাই নওশের রোমান জানান, শনিবার সকাল ৭টার দিকে তার ভাগ্নে মেঘ (৬) ঘুম থেকে উঠে বাবা-মায়ের শোবার ঘরে গিয়ে তাদের লাশ দেখতে পায়। এরপর সে টেলিফোন করে বিষয়টি তার নানীকে (রুনির মা) জানায়।
রোমান জানান, সাগরের হাত-পা বাঁধা ছিল। তার ও রুনির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পশ্চিম রাজাবাজারের ওই বাসার রান্নাঘরের একটি গ্রিল কাটা দেখা গেছে বলেও জানান রোমান।
ওই বাসার গার্ড পলাশ রুদ্র পাল জানান, রাত ২টার দিকে সাগরই সর্বশেষ বাসায় ঢুকেন। তার পরে আর কাউকে বাসা থেকে বেরিয়ে যেতে দেখেননি।
এদিকে, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য রুদ্র পাল পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এছাড়া মেহেরুন রুনির ভাই রোমানকে পুলিশ আটক করেছে। নিহত দম্পতির মোবাইল কল লিস্টের সূত্র ধরে তাকে আটক করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ নিহত সাংবাদিক দম্পতির খুনের ঘটনায় গভীর শোক জানিয়েছেন। প্রধানমন্ত্রী জড়িতদের দ্রুত গ্র্রেফতার করার নির্দেশ দিয়েছেন।
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ঘটনাস্থল পরিদর্শন শেষে ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বেনজির আহমেদও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, গোয়েন্দা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। শিগগির জড়িতদের গ্রেফতার করা যাবে।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর তথ্যসচিব আবুল কালাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গোয়েন্দা পুলিশের একটি টিম সকাল থেকে ঘটনাস্থলে রয়েছে। তারা বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আশা করছেন, আজকের মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন হবে।
বেলা সোয়া ১২টার দিকে তাদের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্ত শেষে দুপুর আড়াইটায় তাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। এরপর জানাজা হবে এটিএন বাংলা ও মাছরাঙা টেলিভিশন কার্যালয়ের সামনে। পরে তাদের আজিমপুর গোরস্তানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে, সাংবাদিক দম্পতি খুন হওয়ার ঘটনায় অবস্থান ধর্মঘট পালন করেছেন বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা। তারা অবিলম্বে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।
এ হত্যাকাণ্ডের ঘটনায় এটিএন বাংলা ও মাছরাঙা টেলিভিশনসহ মিডিয়া হাউজগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।
বার্তা২৪ ডটনেট/

Post a Comment

0 Comments