Advertisement

সিলেটে বাসে আগুনে নিহত ব্যক্তি চিত্রনায়িকা শাবনূরের বাবা

জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমার চণ্ডিপুলে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় পুড়ে মারা যাওয়ার ১৩ দিন পর নিহতের পরিচয় পাওয়া গেছে। নিহতের দ্বিতীয় স্ত্রী পরিচয় দিয়ে এক নারী দাবি করেছেন, ওই ব্যক্তি চিত্রনায়িকা শাবনূরের বাবা। জোৎস্না বেগম নামে ওই নারীর বক্তব্য অনুযায়ী, নিহতের নাম কাজী নাছির (৭০)। বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়। শনিবার সকালে
জোৎস্না দক্ষিণ সুরমা থানায় এসে নাছিরের পরিচয় সনাক্ত করেন। তিনি বলেছেন, তিনি নাছিরের দ্বিতীয় স্ত্রী। নাছির তার সঙ্গে বগুড়ার মালতিনগরে থাকতেন। গত ১৮ ডিসেম্বর বিএনপির সভার দিন ঢাকায় বোমাবাজি ও গাড়িতে আগুন দেওয়ার দিন সিলেটের চণ্ডিপুলে একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসের মধ্যেই মারা যান ওই বৃদ্ধ। ২০ ডিসেম্বর বেওয়ারিশ হিসেবে ওই ব্যক্তির লাশ নগরীর মানিকপীরের গোরস্থানে দাফন করে পুলিশ। দক্ষিণ সুরমা থানার ওসি আবু শ্যামা ইকবাল হায়াত সাংবাদিকদের জানান, সকালে নিহতের স্ত্রী জোৎস্না থানায় এসে লাশটি তার স্বামীর বলে জানান। পায়ের জুতা ও মুখমণ্ডলের ছবি, হাতের ঘড়ি ও কোমরের বেল্ট দেখে স্বামীর পরিচয় সনাক্ত করেন তিনি। 

ওসি বলেন, জোৎস্না নাছিরের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন। তিনি দাবি করেছেন, নাছির চিত্রনায়িকা শাবনুরের বাবা।” জোৎস্না পুলিশকে জানিয়েছেন, নাছির তিনটি বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী শাবনুরের মা। সর্বশেষ মৌলভীবাজারে স্বপ্না বেগম নামে এক জনকে বিয়ে করেন নাছির। ওসি জানান, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। জোৎস্না বেগম জানান, মৌলভীবাজার ও সিলেটে একটি গানের অনুষ্ঠানে অংশ নিতে গত ১৪ ডিসেম্বর নাছির বাড়ি থেকে রওনা হন। ১৮ ডিসেম্বর মৌলভীবাজারের অনুষ্ঠান শেষে তিনি সিলেটে আসছিলেন। গাড়িতে আগুনের ঘটনায় ১৮ ডিসেম্বর রাতে দক্ষিণ সুরমা থানায় দুটো মামলা হয়। পুলিশ বাদি হয়ে হত্যা মামলা এবং পরিবহন ব্যবসায়ী শাহ নূরুর রহমান বাদি হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেন। 

Post a Comment

0 Comments