Advertisement

রামুতে পাহাড় ধ্বসে শ্রমিকের মৃত্যু ঃ গোপনে লাশ দাফনের চেষ্টা

নেছার আহমদ বাঙ্গালী :
রামু উপজেলায় পাহাড় ধ্বসে আবদুল মান্নান (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া শ্রমিকের মৃত্যু স্বাভাবিক বলে দাফন

সম্পন্ন করার প্রক্রিয়াকালে পুলিশ লাশ উদ্ধার করেছে। রোববার বিকাল ৩ টায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কালা খন্দাকার পাড়ার লালশিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, স্থানীয় পাহাড় কেটে গত কয়েকদিন যোগে ডাম্পার (মিনিট্রাক) যোগে মাটি পরিবহন করে আসছে। রোববার বিকাল ৩ টায় কয়েকজন শ্রমিক পাহাড় কেটে ডাম্পার ভর্তি করতে গিয়ে পাহাড় ধ্বসে ঘটনাস্থলে প্রাণ হারান আবদুল মান্নান (২২) নামের এক শ্রমিক। নিহত শ্রমিক রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সিকদার পাড়ার পুকুরপাড় নামক এলাকার মনির আলম এর পুত্র। ওই সময় আরো এক শ্রমিকের মৃত্যু হলেও তার নাম পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডাম্পারের মালিক মোহাম্মদ ইউনুছ ভুট্টোর নেতৃত্বে পাহাড় কেটে তার মালিকানাধিন একটি জমি ভরাট করা হচ্ছে। শ্রমিকের মৃত্যুর পর থেকে মোহাম্মদ ইউনুছ ভুট্টোর নেতৃত্বে শুরু হয় নানা নাটকিয়তা। ডাম্পার যোগে লাশ নিহত ব্যক্তির বাড়ি নিয়ে আসা হয়। ওখানে আবদুল মান্নান এর আত্মীয় স্বজনকে ম্যানেজ করে স্বাভাবিক মৃত্যু বলে লাশ দাফনের প্রক্রিয়া শুরু করেন। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যান রামু থানার এসআই পায়েল। কিন্তু ওই পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ ভুট্টোর কাছ থেকে মোটা অংকের উৎকোচ নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। ওই সময় ঘটনাস্থলে যান একদল সাংবাদিক। সাংবাদিকের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যান রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুল হক, রামু থানার ওসি নজিবুল ইসলাম। তার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
স্থানীয় মসজিদের ইমাম মৌলভী নুরুল ইসলাম জানান, মোহাম্মদ ইউনুছ ভুট্টো লাশটি নামাযে জানাজা পড়ানোর জন্য তাকে ডেকে আনেন। পরে পাহাড় ধ্বসে এ মৃত্যু হয়েছে বলে তিনি অবহিত হন। পুলিশ লাশ উদ্ধার করেছে।
জেলা পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর জানিয়েছেন, শ্রমিকের মৃত্যুর বিষয়টি অবহিত করার পর ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। 

Post a Comment

0 Comments