• চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার চান্দিনায় ভালো বীজের অভাবে টমেটো ধরার আগেই ঢালাওভাবে চারাগাছ মরে যাচ্ছে। কৃষকরা গাছ তুলে নিতে বাধ্য হচ্ছেন। তারা এ অবস্থায় লাখ লাখ টাকা ক্ষতির শিকার হয়ে মাথায় হাত দিয়েছেন। জানা গেছে, পর্যাপ্ত পানিসেচ, সার ও পরিচর্যার পরও ফলনের পূর্ব মুহূর্তে গাছ ঝিমিয়ে যাওয়ায় কৃষকরা লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়েছেন। কৃষকরা অভিযোগ করে বলেন, একটি কোম্পানির বীজ ভাল না হওয়ায় ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরেজমিনে চান্দিনা উপজেলার বাড়েরা, নরসিংহপুর গ্রামের একাধিক টমেটো চাষকৃত জমি ঘুরে দেখা গেছে, ফলনের আগ মুহূর্তে গাছ তুলে পুনরায় অন্য কোম্পানির বীজ লাগানোর প্রস্তুতি নিচ্ছে কৃষকরা।
নরসিংহপুর গ্রামের কৃষক জাকির হোসেন অভিযোগ করেন, আমি এ বছর ৬০ শতাংশ জমিতে সিনজেনটা কোম্পানির সবল বীজ এর টমেটো চারা লাগিয়েছি। দুই মাস পর ফলনের পূর্ব মুহূর্তে গাছ ঝিমিয়ে পড়তে শুরু করে। বিষয়টি ওই কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানাই। তারা জমি পরিদর্শন করে মাটির সমস্যা বলে জানান। পরে আমি কুমিল্লা থেকে মাটি পরীক্ষা করে মাটির সমস্যা নেই মর্মে নিশ্চিত হই। আমার প্রায় ৪৫ হাজার টাকা ক্ষতি হয়েছে। বাড়েরা গ্রামের নানু মিয়া অভিযোগ করেন, আমি ১২০ শতাংশ জমিতে সবল টমেটো বীজ এর চারা লাগিয়েছি। গাছ মরে যাওয়ায় আমার প্রায় ৬০ হাজার টাকা লোকসান হয়েছে। নরসিংহপুর গ্রামের আবদুল লতিফ জানান, ৫০ শতাংশ জমিতে ২ মাস আগে সবল টমেটো বীজের চারা লাগাই। গাছ মরে যাওয়ায় পুনরায় ৪০ শতাংশে সবল বীজ ও ১০ শতাংশে ঐশি টমেটো বীজের চারা লাগাই। বর্তমানে ৪০ শতাংশ সবল টমেটো বীজ এর চারাগুলো মরে যাচ্ছে। বাড়েরা গ্রামের উত্তম দে জানান, প্রায় ১ মাস আগে ৯০ শতাংশ জমিতে সবল বীজ লাগাই। এখন গাছ বড় হওয়ার সাথে সাথে মরতে শুরু করেছে। এলাকার সব ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, স্থানীয় সিনজেন্টা কোম্পানির ডিলাররা ও কোম্পানির প্রতিনিধিরা এ বীজের ভূয়শী প্রশংসা করে ভাইরস মুক্ত শোধনকৃত বীজ বলে কৃষকদের অনুপ্রেরণা জোগায়। কিন্তু সবল টমেটো বীজের চারা যখনই বড় হতে থাকে বা ফলন আসতে শুরু করে ঠিক তখন থেকে গাছ মরে যাচ্ছে।এব্যাপারে সিনজেন্টা কোম্পানির কুমিল্লা অঞ্চলের আরএম মো. আবু বকর এর সাথে একাধিক বার মোবাইল ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি সিনজেন্টা কোম্পানি প্রতিনিধিদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছি

0 Comments