মোঃ রেজাউল করিম,ঈদগাঁও:
কক্সবাজারের জালালাবাদের কুখ্যাত ডাকাত মনছুর ও তার এক সহযোগিকে দুবছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন আদালত। ককসবাজারের দ্রুত বিচার আদালত এ রায় ঘোষনা করেন। বিগত মে মাসে জালালাবাদ খামার পাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে ডাকাত মনছুর ও তার সহযোগীদের হাতে ডাকাতি ও মারধরের শিকার হন পোকখালীর ব্যবসায়ী মৌলভী শাহ আলম। সংঘটিত ঘটনায় মডেল থানায় মামলা করলে তা দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হয়। বিচার নং-১৮/২০১১। দন্ডিত অপর ডাকাত খামার পাড়ার আবু শামা আবছার পিতা কারাগারে রয়েছে ও গ্যাং লিডার মনছুর পুলিশের চোখে পলাতক থাকলেও এলাকায় প্রকাশ্যে ঘুরা ফেরা করছে বলে জানা গেছে। বিভিন্ন মামলার পলাতক আসামী হলেও জালালাবাদের এক মেম্বার ও যুবনেতার প্রত্যক্ষ সহায়তায় সে গ্রেফতার এড়িয়ে বহাল তবিয়তে রয়ে গেছে। গত ঈদের কয়েকদিন আগে মেম্বারের সাথে দেখা করতে গভীর রাতে খামার পাড়া জামে মসজিদ এলাকায় যায় সে। গোপন সূত্রে খবর পেয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ দল ডাকাত মনছুরকে ধরতে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মনছুর পালিয়ে যায় বলে তদন্ত কেন্দ্রের পুলিশ সূত্রে জানা যায়। ইতোপূর্বে জালালাবাদ ফরাজী পাড়ায় বসতবাড়ী ডাকাতি,ইদ্রিচপুরে বসতবাড়ী ডাকাতি,মুসলিম বাজারে দোকান ডাকাতি,পূর্ব পোকখালীতে ঔষুধ কোম্পানীর প্রতিনিধির বাড়ীতে ডাকাতি,রাবার ড্যাম এলাকায় সড়ক ডাকাতি সহ তার নানা অপরাধে অতিষ্ট হয়ে জালালাবাদবাসী দলমত নির্বিশেষে ঈদগাঁও তদন্ত কেন্দ্রে এসে অবহিত করে। যা পত্র পত্রিকায় ফলাও করে প্রকাশিত হয়। জালালাবাদ খামার পাড়ার জাফর আলমের পুত্র সাজা প্রাপ্ত ডাকাত মনছুরকে গ্রেফতারের জন্য এলাকাবাসী পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 Comments