বশির আল মামুন,চকরিয়া:
চকরিয়ায় চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণের চেষ্টায় দায়ের করা মামলা তুলে নিতে আসামী পক্ষের লোকজন বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি ওই মামলা ভিন্নখাতে প্রবাহিত করতে একটিমহল তৎপরতা চালাচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামী পক্ষের লোকজনদের নিয়ে এক তরফা তদন্ত করারও অভিযোগ তুলেন বাদী মনছুর আলম।
জানা যায়, গত ১০ সেপ্টেম্বর উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের সিকান্দর পাড়ার নুর মোহাম্মদের পুত্র আব্দুল মন্নান ও বদিউল আলমের পুত্র মো: ওসমান একই এলাকার মনছুর আলমের মেয়ে চতুর্থ শ্রেণীর রুশমিনা আক্তারকে দোকান ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় রুশমিনা চিৎকার দিলে তাকে চুরিকাঘাত করে ধর্ষণকারীরা পালিয়ে যায়। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় তার পিতা মনছুর আলম গত ১৩ সেপ্টেম্বর চকরিয়া থানায় আব্দুল মন্নান ও মো: ওসমানের বিরুদ্ধে নারী ও শিশু দমন আইনে একটি মামলা (নং ১৯/৩৬৯) দায়ের করেন। চকরিয়া থানা পুলিশ এ মামলার অন্যতম আসামী আব্দুল মন্নানকে গ্রেফতার করেছে। বাদী মনছুর আলম জানান, মন্নান গ্রেফতার হলেও তার আসামীর আত্মীয়-স্বজনরা মামলা তুলে নিতে আমাকে অপহরণ ও ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার হুমকি দিচ্ছে। এঅবস্থায় বাদী অসহায় হয়ে পড়েছে। এদিকে গতকাল ১৭ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান বাদীকে না জানিয়ে আসামী পক্ষের লোকজনদের নিয়ে ঘটনাস্থলে তদন্ত করার অভিযোগ উঠেছে। মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে আসামীর আত্মীয়-স্বজনরা তদন্তকারী কর্মকর্তাকে ম্যানেজ করার চেষ্টা করছে। এসব কারণে বাদী মনছুর আলম মামলার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ করছেন। চকরিয়া থানার এসআই মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। তবে তিনি এক তরফা তদন্ত করার কথা অস্বীকার করেন।

0 Comments