অবশেষে মন্ত্রীর সাক্ষাৎ পাচ্ছেন ইলিয়াস কাঞ্চন
নয়ন কক্স নিউজ ডেস্ক
অবশেষে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের পথিকৃৎ ইলিয়াস কাঞ্চন। আজ সকাল নয়টা ১৫ মিনিটে সাক্ষাতের সময় নির্ধারণ করেছে মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার মানবজমিনে ‘মন্ত্রীর সাক্ষাতের জন্য ঘুরছি তিন মাস’ শিরোনামে রিপোর্ট প্রকাশের পর মন্ত্রণালয় থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান ইলিয়াস কাঞ্চন। এর আগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের উপায় নিয়ে আলোচনার জন্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। গতকাল মন্ত্রীর একান্ত সচিব ডা. মোহাম্মদ আমীন স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় ইলিয়াস কাঞ্চনকে মন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়।বৈঠকে সংগঠনের জেনারেল সেক্রেটারি শামীম আলম দীপেন ও ভাইস চেয়ারম্যান এহসানুল হক কামাল অংশ নেবেন। এতে আগামী ২২শে অক্টোবর জাতীয় সড়ক নিরাপদ দিবসের কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে দেশের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নিয়ে নিজেদের পরামর্শ ও সুপারিশ উপস্থাপন করা হবে। ১৯৯৫ সালে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত রোডস সেফটি কাউন্সিল নিয়েও নিজেদের মতামত তুলে ধরবেন বলে জানান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ওই কাউন্সিলের প্রধান। প্রতি তিন মাস পর পর কাউন্সিলের বৈঠক করার বিধান থাকলেও তা মানা হচ্ছে না। বর্তমান সরকারের তিন বছরে মাত্র ২ বার ওই কাউন্সিলের বৈঠক হয়েছে। তাই বিষয়টি এখন পর্যন্ত স্রেফ আইওয়াশ ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, বিষয়টি সরকারের নজরে আনার বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। দিন দিন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সমন্বিত রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। ১৯৯৩ সালে সরকার ও বিরোধী দলকে স্মারকলিপি দিয়ে বলেছি, সড়ক দুর্ঘটনা আমাদের জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। এর মোকাবিলা জরুরি। কেউই আমার কথা শোনেনি। কিছুটা ক্ষোভের সঙ্গে তিনি বলেন, এতদিন বিভিন্ন সরকারের মাথায় হাত দিয়ে সড়ক দুর্ঘটনার ভয়াবহতার বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। ফলাফল শূন্য। তাই এবার ‘নিরাপদ সড়ক চাই’-এর ব্যানারে আমরা রাজপথে কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছি।

0 Comments