অবশেষে পেকুয়া থানা পুলিশের হাতে ধরা পড়লেন তালা কেটে বিভিন্ন দোকান চুরির সাথে জড়িত সিন্ডিকেটের ৩ সদস্য। গত সোমবার রাতে চট্টগ্রামের কালামিয়া
বাজারের পূর্ব পাশে আলেক্যা রোড়ের একটি ভাড়া বাসায় পেকুয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো-পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী গ্রামের আব্দুল জব্বারের পুত্র আব্দুল হক প্রকাশ বদিউল আলম (২৬), বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মওলার পাড়া এলাকার নুরুল হকের পুত্র আজিজ (২৮), তার বোন জামাই একই উপজেলার ছনুয়া ইউনিয়নের শোকলাল পাড়ার রুহুল কাদের (২৫)। পেকুয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের নেতৃত্বে পেকুয়া ও বাঁশখালীর কিছু চোর-ডাকাত দীর্ঘদিন ধরে পেকুয়ার বিভিন্ন দোকানে চুরি সংঘঠিত করে আসছে। সম্প্রতি পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সাঁকোর পাড়, মাঝের ঘোনা, কাছারী মোড়া, টৈটংয়ের হাজীর বাজারসহ বিভিন্ন এলাকায় যেসব দোকানে চুরি সংঘটিত হয়েছে সবগুলো চুরির ধরন ছিলো অভিন্ন। একটি সংঘবদ্ধ সিন্ডিকেট এটি বিশেষ যন্ত্রের সাহায্যে প্রায় সব দোকানের তালা কেটে নগদ টাকাসহ মালামাল নিয়ে যায়। তখন থেকে পেকুয়া থানা পুলিশ তাদের হন্য হয়ে খুঁজছিল। অবশেষে মোবাইল ট্র্যাকিং করে চট্টগ্রাম থেকে এই চোর সিন্ডিকেটের ৩ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত চোর সিন্ডিকেটের প্রধান আব্দুল হক প্রকাশ বদিউল আলমের স্বীকারোক্তি মতে তার বাড়িতে গত মঙ্গলবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে তালা কাটার বিশেষ যন্ত্রটি উদ্ধার করে। গতকাল বুধবার গ্রেপ্তারকৃত চোরদের আদালতে সোপর্দ করে ৩দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে পলিশ জানিয়েছে। পেকুয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা পেকুয়ার বিভিন্ন দোকানে চুরির সাথে সম্পৃক্ততা ও তাদের সিন্ডিকেটের অন্য সদস্যদের নাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তবে তদন্তের স্বার্থে তিনি সিন্ডিকেটের অন্য সদস্যদের নাম বলতে অপারগতা প্রকাশ করেন।

0 Comments