Advertisement

আবরার হত্যার প্রতিবাদে ২২ অক্টোবর সোহরাওয়ার্দি উদ্যানে ঐক্যফ্রন্টের সমাবেশ

ভয়েস অব কক্সবাজার ডেস্ক:
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আগামী ২২ অক্টোবর সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এছাড়া দেশে বিদেশে গণস্বাক্ষর কর্মসূচি নেয়া হয়েছে।
বুধবার বিকেলে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর এসিদ্ধান্তের কথা জানান ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।তিনি বলেন, দেশের অবস্থা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন, দেশের মানুষও উদ্বিগ্ন। সম্প্রতি অনেক রকমের ভয়াবহ ঘটনা ঘটেছে। বিশেষ করে আবরার হত্যার ঘটনা যেটা সবাই দেখেছে কীভাবে এটা ঘটানো হলো। ইচ্ছাকৃতভাবে একজন মেধাবী নিরহ ছেলেকে মেরে ফেলা হয়েছে-এটা জঘন্য ব্যাপার।
সোহরাওয়ার্দি উদ্যানের জনসভার অনুমতি পাবেন কিনা এ প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, আমাদের তো করে যেতেই হবে। পারমিশন দেবে, না দেবে- আমাদের করেই যেতেই হবে। দেখা যাক।
অনুমতি না পেলে কি করবেন পাল্টা প্রশ্ন করা হলে তিনি বলেন, অবস্থা বুঝে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমাদের কাজ করতে হবে। তবে এটা জানা দরকার জনসভার অনুমতি না দেয়া মানে সরকার সংবিধানকে লঙ্ঘন করছে। সংবিধানে লেখা আছে- মৌলিক অধিকার আছে সভা-সমিতি করার, বক্তব্য রাখার। আর যদি এই ধরনের সংবিধান লঙ্ঘন করা শুরু করে আমি তো মনে করি, দেশের মানুষের তাদেরকে (সরকার) ঘাড় ধরে বের করে দেয়া উচিত।
গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া বলেন, গণস্বাক্ষর অভিযান দেশে-বিদেশে করা হবে। এটার ফরমেট কী হবে তা ফ্রন্টের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। এই ক্যাম্পেইনটা অনেকটা আমার বাবা (শাহ এএমএস কিবরিয়া) হত্যার প্রতিবাদে করেছিলাম।রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর-এই মডেলে তৈরি করা হচ্ছে। আমরা এই গণস্বাক্ষর অভিযানের পর এটা বড় ডিসপ্লে করব ঢাকা শহরসহ অন্যান্য বড় শহরে। এর দিনক্ষণ পরে আপনাদের জানাবো।
বৈঠকে উপস্থিত ছিলেন জেএমডির আসম আবদুর রব, তানিয়া রব, বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু, গণফোরামের আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, মোশতাক হোসেন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, জাহেদ উর রহমান, বিকল্পধারার নুরুল আমিন ব্যাপারী, গণস্বাস্থ্য সংস্থার ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমূখ।

Post a Comment

0 Comments