Advertisement

সম্মেলন চাওয়ায় সভাপতির হাতে দুই যুগ্ন-সাধারণ সম্পাদক আহত

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অভিযোগ..........

ভিওসি ডেস্ক:
ছাত্রলীগের সম্মেলন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে স্ট্যাটাস দেয়ায় সন্ত্রাসী হামালার শিকার হয়েছেন কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের দুই যুগ্ন-সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ ও শাফিক। রবিবার ২৯ সেপ্টম্বর দুপুর একটার
দিকে কলেজ ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটেছে। অন্যন্য ছাত্রলীগ কর্মীরা আহত দুই জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় ক্যাম্পাসে আতংক সৃষ্টি করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। আহতদের মধ্যে শফিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
আহতরা দুইজনই কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের অনুসারী বলে জানা যায়। তবে পরিস্থিতি জটিল হওয়ার আগেই পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাকির হোসনের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে দাবি করে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, বহিরাগত সন্ত্রাসী দিয়ে কলেজের পরিবেশ নষ্ট করতে কলেজে ন্যক্কারজনক এ হামলা চালিয়েছেন সভাপতি। এটি অত্যান্ত লজ্জার বিষয়।
তিনি বলেন, সম্মেলন চাওয়াটা কর্মী হসেবে সবার অধিকার। তাই বলে ছেলেদের উপর এভাবে হামলা চালানো হবে কেন। বিষয়টি কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে জানিয়েছি। শুধু হামলার ঘটনা নয়, সভাপতি জাকিরের বিরুদ্ধে চাঁদাবাজিতে অতিষ্ট কলেজের শিক্ষক ও কর্মচারি পর্যন্ত। তার কর্মকান্ডে আমিও সাধারণ সম্পাদক হিসেবে লজ্জিত।
আহত ছাত্রলীগ কর্মীরা জানিয়েছেন, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ হয়েছে এক বছর হয়েছে। এ অবস্থায় সম্ভাব্য নেতৃত্বে আসতে চাওয়া কর্মীরা সম্মেলন দাবিতে স্বোচ্চার হই। শনিবার এ নিয়ে কলেজ ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শফিকসহ বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী তাদের ভেরিফাইড ফেইসবুকে সম্মেলনের দাবি করে স্ট্যাটাস দেয়। এতে ক্ষিপ্ত হয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে ২০/৩০ জন বহিরাগত যুবক কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে মো: আব্দুল্লাহ ও শফিককে উপর্যুপরি চুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয় শফিক ও আব্দুল্লাহ। অন্যন্য ছাত্রলীগ কর্মীরা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
আব্দু রাজ্জাক নামে ছাত্রলীগ কর্মী জানিয়েছেন, শফিক এবং আব্দুল্লাহর উপর যখন হামলা চালানো হয় তখন তাদের উদ্ধার করতে গেলে আমাকেও গুলি করে সভাপতি জাকির। আমি পালিয়ে আত্মরক্ষা করেছি। হামলাকারীরা জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের অনুসারী বলে জানান তিনি।
কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল করিম বলেন, কলেজ ছাত্রলীগের সভাপতির হাতে দুইজন ছেলে আহত হয়েছে। এটি তাদের অভ্যন্তরীণ বিষয় হতে পারে।
এ ব্যপারে সভাপতি জাকির হোসেনের মোবাইল ফোনে কয়েকবার ফোন করা হলেও রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
জানতে চাইলে কক্সবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, কলেজ ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ যাওয়ার আগে দুইজন চুুরিকাঘাতে আহত হয়েছে বলে জেনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Post a Comment

0 Comments