শতাধিক দেশের হাজারের বেশি পার্লামেন্ট সদস্যদের নিয়ে ঢাকায় শুরু হয়েছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শনিবার সন্ধ্যায় এই সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় এই সংসদীয় ফোরামের সম্মেলনের আয়োজক জাতীয় সংসদ।
উদ্বোধনী পর্বে নানা আয়োজনে বাংলাদেশকে তুলে ধরা হয়। সংসদ ভবনকে ব্যাকগ্রাউন্ড রেখে নৌকা আকৃতির মঞ্চ তৈরি করা হয়।
বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে দেশের স্বাধীনতা সংগ্রামের ওপর একটি ভিডিওচিত্র দেখানো হয়।
নোবেল বিজয়ী মানবাধিকার কর্মী কৈলাশ সত্যার্থী রোববার সম্মেলনের প্রতিপাদ্যের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আইপিইউর সভাপতি সাবের হোসেন চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং অংশ নেন।
প্রধান বিচারপতি এসকে সিনহা, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ সহস্রাধিক অতিথি অংশ নেন এই অনুষ্ঠানে।


0 Comments