Advertisement

বাংলাদেশ এখনো এগিয়ে

তৃতীয় দিন শেষে ব্যাটিং পরামর্শক থিলান সামারাবীরা বলেছিলেন, ৫০ রানের লিড নেওয়ার সামর্থ্য বাংলাদেশের আছে। মুশফিকরা তার চেয়ে বেশিই লিড পেয়েছেন। ১২৯ রান পিছিয়ে থাকা শ্রীলঙ্কার শুরুটা অবশ্য ভালো হয়েছে। কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান তুলে দিন শেষ করেছে শ্রীলঙ্কানরা। কলম্বো টেস্টে এখনো ৭৫ রানে পিছিয়ে স্বাগতিকেরা। দিমুথ করুনারত্নে অপরাজিত ২৫ রানে, উপুল থারাঙ্গাও তাই। প্রায় সারা
দিনের ব্যাটিংয়ের ক্লান্তিই কি পেয়ে বসেছে বাংলাদেশের বোলারদের? শেষ বেলায় শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের খুব একটা বিপদে ফেলতে পারেননি শুভাশিস-মিরাজরা। কাল সকালের সেশনটা তাই হয়ে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেটাই হয়তো ঠিক করে দেবে ম্যাচের গতিপথ।
কালকের মতো আজ মারকাটারি ব্যাটিং নয়, বরং শান্ত থেকেই সাকিব আল হাসান তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। আটে নেমে মুগ্ধ করা এক ইনিংস খেলেছেন মোসাদ্দেক হোসেন। মাত্র অষ্টম ব্যাটসম্যান হিসেবে দেশের শততম টেস্টে সেঞ্চুরি করেছেন সাকিব। সকালে তাঁর অস্থির ভাবটা কাটাতে সাহায্য করেছেন মুশফিক। ‘মুশি’ চলে যাওয়ার পর সাকিব যেন পথ দেখান মোসাদ্দেককে। দুজনে মিলে ১৩১ রানের জুটির সৌজন্য বড় লিড পেয়েছে বাংলাদেশ। চা বিরতির ঠিক একটু আগেই আক্রমণাত্মক শট খেলতে গিয়ে লক্ষণ সান্দাকানের বলে ক্যাচ দিয়েছেন সাকিব। থেমেছে তাঁর ১১৬ রানের দুর্দান্ত ইনিংসটি।
দৃষ্টি কেড়েছেন মোসাদ্দেকও। যে বলটা ঠিক যেভাবে খেলা দরকার, সেভাবেই খেলেছেন। পুরো ইনিংসে শুধু একটা সুযোগ দিয়েছেন। তবে সে শঙ্কা এড়িয়ে ঠিকই প্রথম টেস্ট খেলতে নেমেই ফিফটি পেয়েছেন। আটে নেমে অভিষেকে কোনো বাংলাদেশির এটিই প্রথম ফিফটি। মিরাজের সঙ্গে অষ্টম উইকেট জুটিতে যোগ করেছেন ৩৩ রান। রঙ্গনা হেরাথের বলে বাংলাদেশের শেষ উইকেট হিসেবে মোসাদ্দেক যখন আউট হলেন, তাঁর রান ৭৫। বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ৪৬৭ রানে।

Post a Comment

0 Comments