Advertisement

তৃতীয় শক্তি আসার পথ বন্ধ করেছি : এরশাদ

ঢাকা: ‘আমি নির্বাচনে না গেলে দেশে সংঘাত অনিবার্য ছিল, নির্বাচনও হতো না’, বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, ‘এখন নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। এতে সংঘাত হতো, মানুষ মরত, তৃতীয় শক্তি ক্ষমতায় আসত। তাই এসব এড়াতেই নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাতীয়পার্টির চেয়ারম্যান কার্যালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় ছাত্রসমাজে যোগদান
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এরশাদ বলেন, ‘অন্যদলের জন্য আমি আমার দলের ক্ষতি করতে পারি না। এ জন্যই আমি এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সরকারকে সতর্ক করতে বিভিন্ন সময়ে বলেছি, বিরোধীদল না এলে আমি নির্বাচনে যাব না।’
তিনি বলেন, ‘সরকার হটানোর তিনটি উপায় আছে। তাহলো ভোট, গণঅভ্যূথান ও সেনাবাহিনী ক্যু।’ দেশে হরতালের নামে গাড়ি ভাঙচুর, মানুষ হত্যা, সহিংসতা বন্ধ করে বিরোধী দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান সাবেক এই রাষ্ট্রপতি।
তিনি বলেন, ‘যারা এখন ক্ষমতায় আছে, তারাই এক সময় তত্ত্বাবধায়ক সরকার আনার জন্য আন্দোলন করেছিল। আবার এই সরকারই ব্যবস্থা বিলুপ্ত করেছে। আমি নিজেই জানিনা নির্বাচন শান্তিপূর্ণ হবে কি-না। তবে চেষ্টা করে দেখি।’
এসময় এরশাদ যারা সংঘাত সৃষ্টি করছে তাদের প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘প্রতিবার সংসদ নির্বাচনের সময় দেশে সংঘাত সহিংসতা, মানুষ হত্যা করা হয়েছে। এ সব কিছু বন্ধ করতে আমি নির্বাচনে অংশ নিয়ে কি অপরাধ করে ফেললাম?’
সদ্য যোগদানকারী শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে এরশাদ বলেন, ‘অস্ত্র ছাড়ো কলম ধরো’, লেখাপড়া করে ভবিষ্যত গড়ো। আমার এই স্বপ্ন বাস্তবায়ন হয়নি, এখন ছাত্র রাজনীতিকরা অস্ত্র-মাদকসহ নানা অপরাধ করছে। চলছে ক্ষমতায় যাওয়ার লড়াই।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানা, ফয়সাল চিশতি, আজম খান, হাজী আবু বকর, জহিরুল ইসলাম জহির, আশরাফ সিদ্দিকী প্রমুখ।
ঢাকার নর্থ সাউথ, ইউআইটিএস, ইষ্টওয়েস্ট ইউনিভার্সিটির প্রায় একশ শিক্ষার্থী ইউআইটিএস শিক্ষার্থী ফারহানা ফেরদৌসীর নেতৃত্বে এইচএম এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে ছাত্রসমাজে যোগদান করেন।