Advertisement

দাম কমেছে বোতলজাত সয়াবিন তেলের

রমজান উপলক্ষে বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম কমেছে। বাংলাদেশ এডিবল অয়েলের রূপচাঁদা, সিটি গ্রুপের তীর ও মেঘনা গ্রুপের ফ্রেশসহ প্রায় সব ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের দাম কমেছে। তবে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, দাম কমালেও পর্যাপ্ত সরবরাহ করছে না কোম্পানিগুলো। একই সঙ্গে দাম আরো কমানো উচিত বলে মনে করেন তারা।
পুরান ঢাকার মৌলভীবাজারের পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ীরা জানিয়েছেন, আগে বাংলাদেশ এডিবল অয়েল কোম্পানি লিমিটেডের মালিকানাধীন রূপচাঁদা ব্র্যান্ডের ৮ লিটার বোতলের দাম ছিল ১ হাজার ৪৭ টাকা। বর্তমানে তা ১ হাজার ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ৬৬০ টাকার ৫ লিটারের বোতল ৬৪১ টাকা ৩১ পয়সা, ২৬৪ টাকার ২ লিটারের বোতল ২৫৫ ও ১৩১ টাকার ১ লিটারের বোতলের দাম ১২৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সিটি গ্রুপের মালিকানাধীন তীর ও মেঘনা গ্রুপের ফ্রেশ ব্র্যান্ডের ৮ লিটারের বোতলের দাম আগে ছিল ১ হাজার ২৯ টাকা। বর্তমানে তা ৯৮৩ টাকা বিক্রি হচ্ছে। একইভাবে ৬৫৫ টাকার ৫ লিটারের বোতল ৬২০, ২৫৮ টাকার ২ লিটারের বোতল ২৫৫ ও ১২৯ টাকার ১ লিটার বোতাল এখন ১২৬ টাকায় বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে প্রতি ৮ লিটার ১ হাজার টাকা, ৫ লিটার ৬৩০, ২ লিটার ১৫২ ও ১ লিটার ১২৭ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

এ বাজারের নমির এন্টারপ্রাইজের ব্যবসায়ী নমির ইসলাম জানান, বাজারে প্রতি কেজি খোলা সয়াবিন তেল ১১৩-১১৪ টাকায় বিক্রি হচ্ছে। এ হিসাবে প্রতি লিটারের দাম পড়ে ১০৬ টাকা ২২ থেকে ১০৭ টাকা ১৬ পয়সা। বোতলজাত করতে শতকরা ১৫ টাকা খরচ ধরা হলে প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়ে ১২২ টাকা ১৫ পয়সা। অথচ বাজারে বিক্রি হচ্ছে ১২৬-১২৭ টাকায়।

এদিকে দেশের ভোজ্যতেল পরিশোধন কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১২৬-১২৭ টাকা করলেও সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বিক্রি করছে ১২১ টাকায়। টিসিবি প্রতি ৫ লিটার বোতলজাত সয়াবিন বিক্রি করছে ৬০৫ টাকা, যা অন্য কোম্পানিগুলো ৬৩০-৬৩৫ টাকায় বিক্রি করছে।

ব্যবসায়ীরা অভিযোগ করছেন, কোম্পানিগুলো দাম কমালেও চাহিদামাফিক সরবরাহ করছে না। নয়াবাজারের কালাম স্টোরের স্বত্বাধিকারী আবুল কালাম বললেন, তীর ও রূপচাঁদা দাম কমিয়েছে। কিন্তু পণ্য সরবরাহ নিশ্চিত করছে না। মৌলভীবাজারের ব্যবসায়ীরাও একই অভিযোগ করেন। পাইকারি ও খুচরা বিক্রেতাদের এমন অভিযোগ অস্বীকার করে সিটি গ্রুপের পরিবেশক আবদুল জব্বার বলেন, বাজারে বোতলজাত তেলের কোনো অভাব নেই, পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

ভোক্তা অধিকার সংগঠন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর বলেন, কোম্পানিগুলোকে দাম আরো কমাতে হবে। পাশাপাশি সরবরাহও নিশ্চিত করতে হবে। টিসিবি প্রতি ৫ লিটার তেল ৬০৫ টাকায় বিক্রি করছে। অথচ কোম্পানিগুলো একই পরিমাণ তেল ৬৩০-৬৩৫ টাকায় বিক্রি করছে। বিষয়টি সরকারের সংশ্লিষ্টদের খতিয়ে দেখা উচিত। এভাবে চলতে দেয়া যায়না। - See more at: http://www.bengalinews24.com/good-news-everday/2013/07/14/10620#sthash.vslu5ira.dpuf

Post a Comment

0 Comments