Advertisement

ঈদগাঁওয়ে গ্রাহকের অর্ধ কোটি টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে দোকানী উধাও

আনোয়ার হোছাইন, ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁও বাসষ্টেশনস্থ এক স্বর্ণ দোকানী গ্রাহকের অর্ধকোটি টাকা মূল্যের রকমারী স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী গ্রাহকরা বছরাধিক কাল ধরে খুজেও তার কোন হদিস না পাওয়ায় বড় ধরণের লোকসানের মুখে পড়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ঈদগাঁও বাসষ্টেশনের একমাত্র স্বর্ণ দোকানের মালিক পলাশের নিকট বিভিন্ন সময় গ্রাহকের তৈরী করতে দেয়া ও বন্ধক দেয়া নানা রকমের স্বর্ণালংকার রক্ষিত ছিল। গ্রাহকরা ওই স্বর্ণ আনতে গেলে সে বিভিন্ন সময় নানা অযুহাত দেখিয়ে আজ কাল করে কাল ক্ষেপন করতে থাকে। বিগত এক বছর পূর্ব থেকে হঠাৎ তার দোকানটি বন্ধ হয়ে যায়। এতে দিনের পর দিন গ্রাহকরা তাদের অলংকারের জন্য দোকানে গেলেও সব সময় বন্ধ পাওয়ায় দোকান মালিকের বাড়ি পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার ডুলাহাজারায় খুঁজতে গেলেও সেখানে তার কিংবা পরিবারের কাউকে খুঁজে পায়নি। স্বজনদের মধ্যে যাদের পাওয়া গেছে তারাও তার খুঁজ দিতে পারেনি। এমনকি তার মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ করেও তা বন্ধ কিংবা তার সাথে যোগাযোগ করতে না পারায় ক্ষতিগ্রস্ত গ্রাহকরা মার্কেটের স্বত্বাধিকারী ইসলামাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে সেও একই ভাবে জানান বিগত ১ বছর ধরে সেও তার খুঁজ পাচ্ছেন না। যার কারণে সে না পারছে দোকানটি অন্য কাউকে ভাড়া দিতে। না পাচ্ছে তার বকেয়া দোকান ভাড়া। এমতাবস্থায় তার বন্ধ করে যাওয়া দোকানটিও খোলা দুষ্কর হয়ে পড়ছে। এরূপ ক্ষতির স্বীকার কয়েক জনের মধ্যে জমির, বাবুলসহ ডজনাধিক ব্যক্তি জানান, ওই দোকানীর নিয়ে যাওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য অর্ধ কোটি টাকার বেশি হতে পারে। তারা জানান, এনিয়ে ক্ষতিগ্রস্থ অনেক পরিবারে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাগটি সংসার ভাঙ্গার উপক্রমও হয়েছে। বাজারের সাধারণ ব্যবসায়ী ও সচেতন লোকজন জানান ইতিপূর্বেও এরকম ঈদগাঁও বাজারের একাধিক স্বর্ণ দোকানদার গ্রাহকদের কোটি টাকা মূল্যের স্বর্ণালংকার ও টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তাদের বিরুদ্ধে কার্যকরী কোন ব্যবস্থা নিতে না পারায় দিন দিন দোকানীদের মধ্যে এ প্রবনতা বৃদ্ধি পাচ্ছে বলে তাদের অভিযোগ। এ ব্যাপারে তারা এসব প্রতারণায় জড়িত দোকানদারদের খুজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরী বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছে।

Post a Comment

0 Comments