এম.আমান উল্লাহ
নির্বাচনের দীর্ঘ আড়াই বছর পর কক্সবাজার পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলদের শপথের নির্দেশনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পত্র কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব খলিলুর রহমান স্বাক্ষরিত ওই নিদের্শনা পত্রে দ্রুত সময়ের মধ্যে নির্বাচিতদের শপথ গ্রহণের উদ্যোগ নিতে বলা হয়েছে। পত্রে বলা হয়েছে, ‘মহামান্য হাইকোর্ট ডিভিশনে দায়েরকৃত রীট পিটিশন নং -৫৮৬৫/২০১১, ৩৬৪১/২০১১ এবং ৬৯৮৪/২০১১ এর বিষয়ে বিজ্ঞ আদালত কর্তৃক প্রদত্ত আদেশে কোন প্রকার নিষেধাজ্ঞা বা
স্থগিত আদেশ না থাকায় এবং কক্সবাজার পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের শপথ অনুষ্ঠান করার ক্ষেত্রে আইনগত বাধা নেই মর্মে আইন, বিচার ও সংসদ বিষয়ক বিভাগ হতে মতামত প্রদান করায় কক্সবাজার পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের অবিলম্বে শপথ অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল।’ নির্দেশনা পত্রটির অনুলিপি নির্বাচন কমিশনের সচিব এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে দেয়া হয়েছে। প্রশাসক মো. রুহুল আমিন জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব খলিলুর রহমান স্বাক্ষরিত এক নির্দেশনা পত্র বিকালে তার হাতে পৌঁছেছে। নির্দেশনা পত্র মতে দ্রুত সময়ের মধ্যে শপথের উদ্যোগ নেয়া হচ্ছে। কক্সবাজার পৌরসভার নির্বাচিত কাউন্সিলর হেলাল উদ্দিন কবির জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা মতে শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের জন্য পত্র ইস্যু করেছে জেলা প্রশাসন। তিনি আশা করছেন ওই সময়ের শপথ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০১১ সালের ২৭ জানুয়ারি কক্সবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে নির্বাচন নিয়ে চলেছে নানা নাটকীয়তা। এর পর নির্বাচিতদের শপথ নিয়েও শুরু হয় জটিলতা। সর্বশেষ ২০১১ সালের গত ১৯ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব (পৌর -১) মো. আবদুল বাতেন স্বাক্ষরিত এক চিঠিতে কক্সবাজার জেলার ৪ পৌরসভার নির্বাচিতদের শপথ করানোর নির্দেশ দেয়া হয়। ওই চিঠির প্রেক্ষিতে কক্সবাজারের অপর ৩ টি পৌরসভার শপথ অনুষ্ঠিত হলেও কক্সবাজার পৌরসভার নির্বাচিতরা শপথ নিতে পারেননি। এরপর টানা আড়াই বছর অতিবাহিত হয়েছে। অজ্ঞাত কারণে কক্সবাজার পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করতে পারেননি। এর মধ্যে হরতাল সহ নানা কর্মসূচিও পালন করেছে নির্বাচিতরা। কক্সবাজার পৌরসভার নির্বাচিত মেয়র জামায়াত নেতা সরওয়ার কামাল জানান, ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে সরকার বলছে। অথচ আড়াই বছরে নির্বাচিত প্রতিনিধিদের শপথ না করানোর বিষয়টি জনগণের রায়ের প্রতি অসম্মান। তিনি জানান- একজন সাবেক চেয়ারম্যানের ইন্ধনে শপথ গ্রহণ বিলম্বিত করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার নির্বাচিতদের শপথের নির্দেশনা পত্র জেলা প্রশাসকের হাতে পৌঁছার সংবাদ পেয়ে একটি মহল তৎপরতা শুরু করেছে। তারা শপথ বন্ধের জন্য প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।


0 Comments