নুরুল আজিম
ঈদগাঁওতে ৩ মাসেও শেষ হলো না প্রধান সড়ক ডিসি রোডের উন্নয়ন ও কার্পেটিং কাজ। স্থানীয় চেয়ারম্যানের হস্তক্ষেপে অবশেষে শুরু হয়েছে এর বহুল
প্রতিক্ষিত কার্পেটিং কাজ।
প্রাপ্ত তথ্যে প্রকাশ, প্রবল বর্ষণ, ঈদগাঁও নদীর পাহাড়ি বন্যার পানি ও অতিরিক্ত ভারী যান চলাচলের কারণে ঈদগাঁও বাজারের প্রধান সড়ক ডিসি রোডের বেহাল ও নাজুক অবস্থায় বৃহৎ এলাকার হাজার হাজার লোকজনকে দীর্ঘদিন নানা ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিগত বন্যার পানির তোড়ে এ সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং, বালি ও ইট-কংকর উঠে গিয়ে সড়কটি লোক ও যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছিল। দিশেহারা মানুষ ও যানবাহন চালকরা বিকল্প সড়ক হিসেবে তখন আলমাছিয়া ও জাগির পাড়া সড়ক দিয়ে চলাচল করতেন। এলাকাবাসীর অব্যাহত দাবীর প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের প্রস্তাবনায় অবশেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গত কয়েক মাস আগে উক্ত সড়কের কার্পেটিং উন্নয়নের কাজ শুরু করে। কিন্তু ঢিমেতালে চলছিল ইট বিছানো ও কংকর ঢালাই কাজ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী সড়ক অবকাঠামো মেরামত কর্মসূচীর আওতায় ৯ লক্ষ টাকা ব্যয়ে এ সড়কের ১৯০ মিটার তথা বাসষ্টেশন থেকে বিমান মৌলভী সড়কের মাথা পর্যন্ত কার্পেটিং কাজের মাধ্যমে উন্নয়ন করা হচ্ছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগিতায় গত কয়েকমাস আগে এর কাজ শুরু হলেও শেষ করতে নানা তালবাহনা করে উপজেলা প্রকৌশল বিভাগ। অবশেষে ঈদগাঁও চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর হস্তক্ষেপে কার্পেটিং কাজ কয়েকদিন আগে শুরু হয়েছে পুরোদমে। এ উন্নয়ন কাজ সরেজমিন দেখতে আসেন ঈদগাঁও ইউনিয়ন চেয়ারম্যান, সদর উপজেলা প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী হেলাল উদ্দিন ও সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম। সহকারী প্রকৌশলী হেলাল উদ্দিন জানান, আবহাওয়া অনুকূলে থাকলে কয়েকদিনের মধ্যে উন্নয়ন কাজ শেষ হবে। ইউপি চেয়ারম্যান সোহেল জানান, ইতোপূর্বে তিনি নিজস্ব তহবিল থেকে ৬৯ হাজার টাকা ব্যয়ে উক্ত স্থানে ইট ও বালি স্থাপনের মাধ্যমে সড়কটি লোক ও যান চলাচল উপযোগি করেছিল।

0 Comments