Advertisement

২৯ মার্চের হরতাল প্রত্যাহার



ঢাকা, ২৫ মার্চ: সারা দেশে ২৯ মার্চ সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে বিএনপি। রোববার রাত ১১টায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের
কার্যালয়ে এই ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চারদলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব সাংবাদিকদের হরতাল প্রত্যাহারের কথা জানান। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আজাদ এমপি, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী। 
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ২৯ মার্চ জেলা- উপজেলায় চারদল বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করবে।
হরতাল প্রত্যাহারের আহবান
এর আগে ২৯ মার্চের সকাল সন্ধ্যা হরতাল প্রত্যাহারের আবেদন জানাতে নাঙ্গলবন্দ পুণ্যস্নান উদযাপন কমিটির সভাপতি পরিতোষ সাহা ও সাধারণ সম্পাদক বাসুদেব চক্রবর্তীর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন।
রোববার রাতে গুলশানের কার্যালয়ে গিয়ে তারা এই আবেদন জানান। এসময় তাদের সঙ্গে ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী।
খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিতোষ সাহা বলেন, ‘‘আমরা নাঙ্গলবন্দ পূন্যসণান উদযাপন কমিটি আগামী ২৯ মার্চে বিএনপি আহূত হরতাল প্রত্যাহারের আবেদন জানাতে এসেছিলাম।’’
তিনি বলেন, ‘‘নাঙ্গলবন্দের পুণ্যস্নানে শুধু দেশীভক্তরা নন, বিদেশ থেকেও হাজার হাজার ভক্ত আসেন। পুণ্যস্নানের মূল অনুষ্ঠান ৩০ মার্চে হওয়ায় ২৯ মার্চ হরতাল হলে ভক্তদের আসতে সমস্যা হবে। তাই পুণ্যস্নান নির্বিঘ্ন করতে হরতাল প্রত্যাহারের আবেদন করেছি।’’
তিনি বলেন, ‘‘বিএনপি নেত্রী আমাদের আবেদন গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন। নেত্রী বলেছেন জোটের শরীকদের সঙ্গে আলোচনা করে সোমবারের মধ্যেই সিদ্ধান্ত জানাবেন। আমরা আশাবাদী যে বিএনপি জোট তাদের কর্মসূচি প্রত্যাহার করবে।’’ 
এক প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘‘হরতাল স্থগিত অথবা পেছানো হবে কিনা সে বিষয়টি রাজনৈতিক। যারা হরতাল প্রত্যাহারের আবেদন জানাতে এসেছেন তারা রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তাদেরকে প্রত্যাহারের বিষয়ে আশ্বস্ত করা হলেও অন্য কোনো বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়নি।’’
গয়েশ্বর চন্দ্র আরো বলেন, ‘‘বিএনপি সকল ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। তাই সিদ্ধান্ত ইতিবাচক হবে বলে আশা করি।’’
শনিবার রাতে গুলশানের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের সিনিয়র নেতাদের সঙ্গে এই বিষয় নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকেও হরতাল প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়।
রোববার সকালে দলের স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল অব. মাহবুবুর রহমান বার্তা২৪ ডটনেটকে বলেন, ‘‘আমরা ধর্মীয় বিষয়ে সব সময়ই গুরুত্ব দিয়ে থাকি। ২৯ তারিখে হিন্দু ধর্মের বড় অনুষ্ঠান থাকায় হরতাল প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে।’’ তিনি বলেন, দলের পক্ষ থেকে বিষয়টি খুব শিগগিরই জানানো হবে।
গত ১২ মার্চ ঢাকার মহাসমাবেশে বিরোধীদলীয় নেতাকর্মিদের আসতে বাধা দেয়া, তাদের ওপরে হামলা ও গ্রেফতারের প্রতিবাদে এই ২৯ মার্চ সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

Post a Comment

0 Comments