Advertisement

আজ থেকে মাছরাঙা টেলিভিশনের পূর্ণাঙ্গ সম্প্রচার শুরু



পুরো বিশ্বকে রাঙিয়ে দেয়ার প্রত্যয় নিয়ে আজ শনিবার থেকে পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক সম্প্রচারে আসছে মাছরাঙা টেলিভিশন। স্কয়ার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মাছরাঙা টেলিভিশন দেশের প্রথম সর্বাধুনিক হাইডেফিনেশন (এইচডি) প্রযুক্তির টিভি চ্যানেল।
শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন টেলিভিশনটির প্রধান নির্বাহি ফাহিম মুনতাসীর, বার্তা প্রধান শাহ আলমগীর ও অনুষ্ঠান প্রধান আবিদুর রেজা জুয়েল।
তারা জানান, মাছরাঙা নামটি বংলাদেশের মাটি ও মানুষের সঙ্গে মিশে আছে। মাছরাঙা শুধু একটি পাখি নয়, নদীমাতৃক বাংলাদেশের উচ্ছ্বলতা ও চঞ্চলতার প্রতীক। মাছরাঙা টেলিভিশন নদীমাতৃক বাংলাদেশের উচ্ছ্বলতা ও চঞ্চলতা ধরে রাখবে।
মাছরাঙা টেলিভিশন বাংলাদেশকে, বাংলাকে, কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরবে। এদেশের পারিবারিক ঐতিহ্যকে সামনে রেখে একান্নবর্তী পরিবারের আদর্শ, মূল্যবোধকে এবং অসাম্প্রদায়িক চেতনাকে ছড়িয়ে দেবে। চ্যানেলটির প্রেরণা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। বৈচিত্র্যময় অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরবে মাছরাঙা টেলিভিশন।
মাছরাঙা টেলিভিশনে কাজ করছেন একদল মেধাবী তরুণ। অনুষ্ঠান নির্মাণে মাছরাঙা টেলিভিশন তথ্য ও বিনোদনের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। তুলে ধরবে সম্ভাবনাময় বাংলাদেশকে। আগামীর অগ্রযাত্রায় সঙ্গী হতে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সৃজনশীল ও মেধাবী তরুণ-তরুণীদের সামনে নিয়ে আসবে। মাছরাঙা বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে পরিবেশন করবে সত্যকে। থাকবে না তথাকথিত টক শো'র বাহুল্য। সরাসরি সম্প্রচার করবে তরতাজা খবর। দর্শকদের প্রতিটি সেকেন্ড সময়ের মূল্য দেবে মাছরাঙা টেলিভিশন। বিজ্ঞাপন প্রচারেও থাকবে সতর্কতা। প্রতি আধ ঘণ্টায় সর্বোচ্চ ৬ মিনিট বিজ্ঞাপন প্রচার করবে। এছাড়া মানসম্পন্ন নাটক প্রচার এবং সেখানে প্রমিত বাংলা ব্যবহারের ক্ষেত্রে গুরুত্ব দেয়া হবে। শুধু বাংলাদেশ নয়, স্যাটেলাইটের মাধ্যমে মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান দেখা যাবে বহির্বিশ্বেও।

Post a Comment

0 Comments